শিক্ষার ডিজিটাল যুগের দ্বারপ্রান্তেই আছি : মোস্তাফা জব্বার

২৮ জুলাই, ২০২০ ২০:২৭  
ইন্টারনেট সংযোগের মাধ্যমে দেশ শিক্ষার ডিজিটাল যুগের দ্বারপ্রান্তে রয়েছে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। মঙ্গলবার বিকেলে শিক্ষার ডিজিটাল রূপান্তর ও শিক্ষাখাতে ইন্টারনেটের সহজলভ্যতা নিয়ে অনুষ্ঠিত ভার্চুয়াল সভা শেষে এমনটাই জানিয়েছেন মন্ত্রী। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, বিটিআরসি চেয়ারম্যান জহুরুল হক, গ্রামীণফোনের প্রধান নির্বাহী ইয়াসির আজমান, রবি’র প্রধান নির্বাহী মাহতাব উদ্দিন, বাংলালিংকের প্রধান নির্বাহী এরিক অস, টেলিটক ব্যবস্থাপনা পরিচালক সাহাব উদ্দিন বৈঠকে সংযুক্ত ছিলেন। এছাড়াও এটুআই প্রোগ্রামের পলিসি অ্যাডভাইজার আনীর চৌধুরী, আইএসপিএবির সভাপতি আমিনুল হাকিম, সাধারণ সম্পাদক ইমদাদুল হক, প্রযুক্তিবিদ জাকারিয়া স্বপন প্রমুখ ভার্চুয়াল এই বৈঠকে অংশ নেন। এর আগে দুপুরে প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এর ৫০ তম জন্মদিনউপলক্ষে সজীব ওয়াজেদ উপগ্রহ ভূ কেন্দ্র জন্মদিনের কেক কাটার অনুষ্ঠানে যোগ দেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। ভার্চুয়াল এই জন্মোৎসবে যোগ দেন ডাক ও টেলিযোগাযোগ সচিব মোঃ নূর-উর-রহমান ও বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান শাহজাহান মাহমুদসহ বিসিএসসিএল সংশ্লিষ্টরা।