শস্যের নতুন জাত উদ্ভাবনে বিজ্ঞানীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

১৪ নভেম্বর, ২০২২ ১৪:১৪  
সঙ্কট মোকাবেলায় শস্যের নতুন নতুন জাত উদ্ভাবনে কৃষিবিজ্ঞানীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একইসঙ্গে আমদানির ক্ষেত্রে তৃতীয় পক্ষের পরিবর্তে সরাসরি বিদেশ থেকে খাদপণ্য কেনার নির্দেশনা দিয়েছেন সরকার প্রধান। এছাড়াও জমি চাষ না করলেই তা খাস হয়ে যাবে­–এরকম খবরকে গুজব বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, জমি চাষ না করলেই তা খাস হয়ে যাবে না। এটা একটা গুজব। এটা বন্ধ করার নির্দেশনা দিয়েছেন তিনি সোমবার (১৪ নভেম্বর) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিপরিষদের বৈঠকে সভাপতির বক্তব্যে এই নির্দেশনা দেয়া হয়। সচিব জানান, আগামী বছর তিন কারণে সংকট দেখা দিতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছে মন্ত্রিপরিষদ। আজকের আলোচনায় শঙ্কা প্রকাশ করা হয়– ইউক্রেন-রাশিয়া যুদ্ধের প্রভাব, করোনা পরিস্থিতি থেকে উত্তরণ এবং চীনের পণ্য আসা কমে যাওয়ার কারণে ২০২৩ সালে ক্রাইসিস দেখা দিতে পারে। উৎপাদন বাড়ানো, বিদেশি দক্ষ জনবল পাঠানো, রেমিট্যান্স বাড়ানো, সরাসরি বিদেশি বিনিয়োগ বাড়ানো, খাদ্য মজুত স্বস্তিদায়ক অবস্থায় রাখার বিষয়ে মন্ত্রিসভা নির্দেশনা দিয়েছে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব।