ফেসবুকে প্রার্থীর নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ডিপফেক ভিডিও
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভুয়া ভিডিও ছড়িয়ে পড়তে দেখা গেছে। ভিডিওতে গাইবান্ধা-১ আসনের স্বতন্ত্র প্রার্থী প্রকৌশলী আবদুল্লাহ নাহিদ নিগারকে বলতে শোনা যাচ্ছে, তিনি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। তবে ডিসমিসল্যাবের যাচাইয়ে দেখা গেছে, ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির সহায়তায় তৈরি করা হয়েছে।
রোববার অনলাইন যাচাই ও মিডিয়া গবেষণা প্ল্যাটফর্ম ডিসমিসল্যাব এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে।
ভিডিওটিতে দেখা যায়, নাহিদ নিগার নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত জানাচ্ছেন। ভিডিওটির ক্যাপশনে বলা হয়, ‘আমি মাননীয় প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালাম এবং শামীম হায়দার পাটোয়ারী ভাইকে সমর্থন করলাম। আপনারা সবাই দলে দলে কেন্দ্রে যাবেন এবং শামীম হায়দার পাটোয়ারী ভাইয়ের লাঙ্গল প্রতীকে ভোট দেবেন। সবাই আমার জন্য অনেক কষ্ট করেছেন। আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ।’

কিন্তু ভিডিওটি যাচাইয়ে দেখা যায়, সেখানে কথার সঙ্গে ঠোঁটের অসামঞ্জস্যতা আছে। নাহিদ নিগারের আসল কণ্ঠস্বর ও বাচনভঙ্গির সঙ্গেও কোনো মিল পাওয়া যায় না ভুয়া ভিডিওটির। কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি দিয়ে ভুয়া ভিডিওটি বানানোর ক্ষেত্রে যে ছবিটি ব্যবহার করা হয়েছে, সেটি নেওয়া হয়েছে এই প্রার্থীর ফেসবুক প্রোফাইল থেকে।
ফেসবুকে যে এমন একটি ভুয়া ভিডিও প্রচারিত হচ্ছে, সে সম্পর্কে সতর্ক করা হয়েছে নাহিদ নিগারের দুটি পেজ থেকে। তার দুটি পেজের একটির লাইক সংখ্যা প্রায় চার হাজার এবং আরেকটির প্রায় সাড়ে ছয় হাজার। উভয় পেজে গ্রাফিক কার্ড ও ভিডিওর মাধ্যমেও বলা হয়, নির্বাচন থেকে তাঁর সরে দাড়ানোর দাবিটি গুজব। এই দুই পেজ থেকে যে ভুয়া পেজটি সম্পর্কে সতর্ক করা হয়েছে, সেটির স্ক্রিনশটে দেখা যায়, সেখানে মাত্র চারটি লাইক আছে। তবে যাচাইয়ে সেই পেজ আর খুঁজে পাওয়া যায়নি।







