নিত্যপণ্যের দাম জানা যাবে ‘৩৩৩’ হটলাইনে 

১৮ জানুয়ারি, ২০২৪ ২১:১০  

দেশের বাজারে পণ্যমূল্য সহনশীল রাখার লক্ষ্যে তথ্যপ্রযুক্তি খাতের সাহায্য নিতে যাচ্ছে সরকার। এ লক্ষ্যে জাতীয় জরুরি সেবা ‘৩৩৩’ হটলাইন নাম্বারে নতুন সেবা যুক্ত করা হচ্ছে।

এই নাম্বারে ফোন করে পণ্যের দাম জানতে পারবেন দেশের মানুষ। এছাড়া বাজারে নিত্যপণ্যের দাম বেশি নেওয়া হলে ‘৩৩৩’ নাম্বারে ফোন করে অভিযোগ জানানো যাবে।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সচিবালয়ে অর্থনীতিবিষয়ক সাংবাদিকদের সংগঠন ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ কথা জানান বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। 

তিনি বলেন, ‌পণ্যমূল্য জানতে ‘৩৩৩’ নম্বরে ফোন করে তথ্য পাওয়ার ব্যবস্থা করতে চায় সরকার। তথ্যপ্রযুক্তি বিভাগের সঙ্গে এ ব্যাপারে আলোচনা হচ্ছে। তারা একটি সেল গঠন করবে।

তবে পণ্যমূল্য জানাতে ‘৩৩৩’ সেবা কিভাবে কাজ করবে—তা নিয়ে বিস্তারিত কিছু বলেননি বাণিজ্য প্রতিমন্ত্রী।

এসময় উপস্থিত ছিলেন ইআরএফের সভাপতি রেফায়েত উল্লাহ মৃধা, সাধারণ সম্পাদক আবুল কাশেমসহ সংগঠনটির অন্য সদস্যরা।  

এদিকে সচিবালয়ে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকের আগে পণ্যের দাম বেধে দেওয়ার প্রচলিত ধারায় পরিবর্তন এনে একটি যৌক্তিক মূল্যকে ‘রেফারেন্স প্রাইস’ হিসেবে চালুর পরিকল্পনার কথা বলেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। তিনি বলেছেন, বাজারে চাপ দিয়ে দাম কমানোর যে উদ্যোগ, দীর্ঘমেয়াদে এর সুফল পাওয়া যায় না। পণ্য সংকট দূর করতে পারলে, বাজার ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করতে পারলে- দাম এমনিতেই যৌক্তিক পর্যায়ে চলে আসে বলে তিনি মনে করেন।

এসময় বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক এএইচএম সফিকুজ্জামান, টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল আরিফুল হাসান, স্থানীয় ওয়ার্ড কমিশনার মো. সলিম উল্লাহ বক্তব্য রাখেন।