খাজা টাওয়ার দুর্ঘটনায় অংশীজনদের নিয়ে বিটিআরসি’র কমিটি গঠন
দুর্ঘটনায় দোষারোপ না করে সম্মিলিত ভাবে বিপদ থেকে উদ্ধারে টেলিকম সংশ্লিষ্টদের একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন বিটিআরসি চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার। সেই আলোকেই খাজা টাওয়ার দুর্ঘটনার টেকসই সমাধানের পথ বের করতে অংশীজনদের নিয়ে একটি কমিটি গঠন করে দিয়েছেন তিনি। বৃহস্পতিবার আগারগাঁওয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত সভায় এই কমিটি গঠন করা হয়। কমিটিটি তিন দফায় দেশের ইন্টারনেট খাতে বিদ্যমান সমস্যার সমাধানে কাজ করবেন।
বিটিআরসি ভাইস চেয়ারম্যান প্রকৌশলী মো. মহিউদ্দিন আহমেদের নেতৃত্বে এই কমিটিতে রয়েছেন অ্যামটব মহাসচিব অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জুলফিকার, আইজিডব্লিউ অপারেটরস ফোরামের (আইওএফ) নির্বাহী সদস্য ব্রিগেডিয়ার হান্নান, আইআইজি ফোরাম সাধারণ সম্পাদক জুনায়েদ আহমেদ, আইসিএক্স প্রতিনিধি মোখলেসুর রহমান, এনটিটিএন প্রতিনিধি হিসেবে সুমন আহমেদ সাবির এবং আইএসপিএবি সভাপতি ইমদাদুল হক।
এছাড়াও কমিটির সকল কাজে সমন্বয়কের ভূমিকা পালন করবেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রন কমিশনের ইঅ্যান্ডআই পরিচালক মোঃ আবু তালেব, ইএন্ডও পিরচালক আব্দুর রাজ্জাক, উপ-পরিচালক মাহদি আহমদ ও মাহরীন আহসান। এই কমিটি ডেটা সেন্টার নীতিমালা প্রণয়নে বিটিআরসি’র সঙ্গে যৌথভাবে কাজ করবে। বৈঠকে পুরো প্রক্রিয়া তিন ধাপে সম্পন্ন হবে বলে জানিয়েছেন বিটিআরসি চেয়ারম্যান। দ্রুততম সময়ে খাজা টাওয়ারের সমস্যা সমাধানে আইএসপিএবি-কে ধন্যবাদ জানিয়ে তিনি বলেছেন, আগামীতে যেনো এমন দুর্ঘটনায় পড়তে না হয় সে জন্য এখনই প্রস্তুতি নিতে হবে।
বৈঠকে মোট ছয়টি প্রেজেন্টেশন পেশ করেন অংশগ্রহণকারী প্রতিনিধিরা। এর মধ্যে খাজা টাওয়ার দুর্ঘটনায় ইন্টারনেট অবকাঠামো ও সেবায় খাতে ধরণের প্রভাব পড়েছে তা তুলে ধরেন আইজিএবি সদস্য সচিব মাহমুদ শাহেদ। তার উপস্থাপনায় ওঠে আসে ৪র্থ তলা থেকে আগুন লাগার পর ওই দিন কী ঘটেছিলো এবং কীভাবে আইএসপি ও আইআইজি একসঙ্গে দুর্ঘটনা মোকাবেলা করে দ্রুত লাইন আপ করে। এছাড়াও প্রেজেন্টেশন দিয়েছেন বিটিআরসি’র ইঅ্যান্ডও পরিচালক মোঃ আব্দুর রাজ্জাক, অ্যামটব মহাসচিব অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জুলফিকার, আইজিডব্লিউ অপারেটরস ফোরামের (আইওএফ) নির্বাহী সদস্য ব্রিগেডিয়ার হান্নান এবং আইজিডব্লিউ সিটিও সাইমন বারৈ।

বৈঠক সূত্রে জানা গেছে, যত দ্রুত সম্ভব ডেটা সেন্টারের ডিআরগুলো ঢাকার বাইরে এবং ঢাকার মধ্যে টেলিকম অপারেটরদের জন্য মিরপুর, উত্তরা, পূর্বাচল এবং সায়দাবাদের দিকে একটি করে ডেটা সেন্টার স্থাপনের বিষয়ে আলোচনা হয়েছে। কোনো বিল্ডিংয়ে ডাটা সেন্টার করা আগে এর অবকাঠামো ও সুরক্ষার বিষয়টি যাচাই করে নেয়ার প্রসঙ্গ উত্থাপিত হয়েছে। আলোচনায় আইপি মাইগ্রেশনে বিটিআরসি’র ত্বরিত সহযোগিতায় কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। খাজা টাওয়ারের ডিআরগুলো বোরাকে স্থানান্তর করার পর আর কোনো ব্যাকআপ নেই জানিয়ে আইসিএক্স এর সহযোগিতা চেয়েছে বৈঠেকে উপস্থিত মোবাইল অপারেটর প্রতিনিধিরা।
বৈঠকে অগ্নিকণ্ডে নিহত তিন সহকর্মীর রুহের মাহগফেরাত কামনায় এনটিটিএনদের কাছ থেকে সহযোগিতা আইএসপিএবি সভাপতি ইমদাদুল হক বলেন, দুর্ঘটনার সময় কেউ কারো বিরুদ্ধে কথা না বলে সহযোগিতা ও সহমর্মিতায় কাজ করবো। তাছাড়া খাজা টাওয়ারে একটি ডেটা সেন্টার ভালো থাকায় সেখানে দ্রুত বিদ্যুত সংযোগ পেতে আমরা বিটিআরসি’র সহযোগিতা চাইছি।







