আইওএসে হোয়াটসঅ্যাপের ‘পিকচার-ইন-পিকচার’ সুবিধা
হোয়াটসঅ্যাপে ভিডিও কল করার সময় অন্য অ্যাপ বা ওয়েবসাইট ব্যবহার করতে পারবেন আইফোন ব্যবহারকারীরা। নতুন এ সুযোগ দিতে নিজেদের আইওএস সংস্করণে ‘পিকচার-ইন-পিকচার’ সুবিধা চালু করেছে হোয়াটসঅ্যাপ।
নতুন ফিচারটি ব্যবহারে বাড়তি কোনো ঝামেলাও করতে হবে না। হোয়াটসঅ্যাপের আইওএস সংস্করণে (২৩.৩.৭৭) স্বয়ংক্রিয়ভাবে পিকচার-ইন-পিকচার মোড সুবিধা ব্যবহার করা যাবে। পর্যায়ক্রমে সব দেশে এ সুবিধা উন্মুক্ত করা হবে বলে জানিয়েছে ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপটি।
পিকচার-ইন-পিকচার সুবিধা কাজে লাগিয়ে অন্য অ্যাপ বা ওয়েবসাইট চালু করলে ভিডিও কলের সংযোগ বিচ্ছিন্ন হবে না। এমনকি ভিডিও কলের অন্য প্রান্তে থাকা ব্যক্তিদেরও কথা বলতে বা শুনতে কোনো সমস্যা হবে না। এ সময় মুঠোফোনে চালু থাকা ওয়েবসাইট বা অ্যাপের এক পাশে ছোট আকারে ভিডিও কলের ছবি দেখা যাবে। ফলে বন্ধু বা পরিচিতদের সঙ্গে কথা বলার সময় বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ করা যাবে।
ডিবিটেক/বিএমটি







