তিন নতুন মডেল নিয়ে বাংলাদেশের এনইভি বাজারে নতুন চমক

তিন নতুন মডেল নিয়ে বাংলাদেশের এনইভি বাজারে  নতুন চমক
১৭ মে, ২০২৬ ২০:৪৯  

বাংলাদেশের বৈদ্যুতিক যানবাহন বাজারে আরও তিনটি নতুন নিউ এনার্জি ভেহিকল উন্মোচন করেছে চীনা ইভি ব্র্যান্ড বিওয়াইডি। নতুন মডেলগুলো হলো বিওয়াইডি সিল ৫, বিওয়াইডি সিল ৬ এবং বিওয়াইডি সিলায়ন ৬ এডব্লিউডি।

 ১৭ মে, শনিবার রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় গাড়িগুলো উন্মোচন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেৎসু ঝ্যাং। এছাড়া উপস্থিত ছিলেন সিজি রানার বাংলাদেশ লিমিটেড–এর চেয়ারম্যান হাফিজুর রহমান খান, ব্যবস্থাপনা পরিচালক আমিদ সাকিফ খান, বিওয়াইডি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার চার্লস রেন এবং চিফ মার্কেটিং অফিসার ইমতিয়াজ নওশের।

অনুষ্ঠানে নতুন গাড়িগুলোর প্রযুক্তিগত বৈশিষ্ট্য তুলে ধরা হয় এবং ৬০টি প্রি-অর্ডার করা গাড়ি গ্রাহকদের কাছে হস্তান্তর করা হয়। আয়োজনে গাড়ি উন্মোচন, প্রযুক্তি উপস্থাপন এবং মিডিয়া ইন্টারঅ্যাকশনের আয়োজন ছিল।

নতুন উন্মোচিত বিওয়াইডি সিল ৫ একটি প্লাগ-ইন হাইব্রিড সেডান, যাতে ডিএম-আই প্রযুক্তি ও ব্লেড ব্যাটারি ব্যবহার করা হয়েছে। গাড়িটি সর্বোচ্চ এক হাজার কিলোমিটার পর্যন্ত কম্বাইন্ড ড্রাইভিং রেঞ্জ দিতে সক্ষম। এতে উন্নত ড্রাইভার অ্যাসিস্ট্যান্স সিস্টেম, ৩৬০ ডিগ্রি ক্যামেরা, রিজেনারেটিভ ব্রেকিং এবং স্মার্ট ইনফোটেইনমেন্ট সুবিধা রয়েছে।

অন্যদিকে, সম্পূর্ণ বৈদ্যুতিক সেডান বিওয়াইডি সিল ৬ একবার চার্জে সর্বোচ্চ ৪১০ কিলোমিটার চলতে পারে। এতে ডিসি ফাস্ট চার্জিং, স্মার্ট কানেক্টিভিটি এবং ব্লেড ব্যাটারি প্রযুক্তি যুক্ত করা হয়েছে।

প্রিমিয়াম এসইউভি সেগমেন্টে উন্মোচন করা বিওয়াইডি সিলায়ন ৬ এডব্লিউডি অল-হুইল-ড্রাইভ প্লাগ-ইন হাইব্রিড প্রযুক্তিনির্ভর একটি এসইউভি। এতে পিউর ইলেকট্রিক মোডে সর্বোচ্চ ১২৮ কিলোমিটার চলার সক্ষমতা রয়েছে। গাড়িটিতে বড় ইনফোটেইনমেন্ট ডিসপ্লে, প্রিমিয়াম সাউন্ড সিস্টেম, প্যানোরামিক সানরুফ এবং উন্নত নিরাপত্তা প্রযুক্তি সংযোজন করা হয়েছে।

অনুষ্ঠানে কেৎসু ঝ্যাং বলেন, বাংলাদেশ বিওয়াইডির জন্য ক্রমেই গুরুত্বপূর্ণ বাজার হয়ে উঠছে। নতুন মডেলগুলোর মাধ্যমে স্মার্ট, নিরাপদ ও টেকসই মোবিলিটি প্রযুক্তি দেশের গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়া হবে।

বিওয়াইডি বাংলাদেশের চিফ মার্কেটিং অফিসার ইমতিয়াজ নওশের বলেন, নতুন লাইনআপ দেশের এনইভি ইকোসিস্টেম সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং ভিন্ন ধরনের গ্রাহক চাহিদার জন্য বৈচিত্র্যময় প্রযুক্তিনির্ভর যানবাহনের সুযোগ তৈরি করবে।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, বিওয়াইডি সিল ৫–এর প্রাথমিক মূল্য ৩৮ লাখ ৯০ হাজার টাকা, সিল ৬–এর মূল্য ৪৮ লাখ ৯০ হাজার টাকা এবং সিলায়ন ৬ এডব্লিউডির মূল্য নির্ধারণ করা হয়েছে ৭১ লাখ ৯০ হাজার টাকা। তিনটি মডেলেই বিওয়াইডির ব্লেড ব্যাটারি প্রযুক্তি ও দীর্ঘমেয়াদি ওয়ারেন্টি সুবিধা রাখা হয়েছে।

ডিবিটেক/এমআই/এমইউএম