মেমফিসে ১০ লাখ বর্গফুটের সম্পত্তি কিনলো এক্সএআই
ইলন মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তা সংস্থা এক্সএআই যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পশ্চিম মেমফিসে ১০ লাখ বর্গফুটের সম্পত্তি কিনেছে, যা তাদের এআই ডেটা সেন্টারের পরিধি বাড়াতে ব্যবহৃত হবে। মেমফিস চেম্বার অব কমার্সের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। খবর টেকক্রাঞ্চ।
এক্সএআই-এর সিনিয়র সাইট ম্যানেজার ব্রেন্ট মায়ো বলেন, "এই সম্পত্তি অধিগ্রহণ নিশ্চিত করছে যে, আমরা মেমফিসে এআই উদ্ভাবনের শীর্ষে থাকবো।"
প্রতিষ্ঠানটি সম্প্রতি আটলান্টায় দ্বিতীয় ডাটা সেন্টার তৈরি করেছে, যেখানে ৭০০ মিলিয়ন ডলারের চিপ ও অন্যান্য সরঞ্জাম ব্যবহার করা হয়েছে। এছাড়া ডেলের সঙ্গে ৫ বিলিয়ন ডলারের জিপিইউ সার্ভার কেনার চুক্তিও করেছে।
এক্সএআই তাদের গ্রোক এআই মডেলের প্রশিক্ষণ ও পরিচালনার জন্য ডাটা সেন্টার ব্যবহার করে। প্রতিষ্ঠানটি চলতি বছর মেমফিসে প্রধান ডাটা সেন্টার "কলোসাস"-এ এনভিডিয়া জিপিইউ ১০ লাখে উন্নীত করার পরিকল্পনা করেছে।
তবে স্থানীয় বাসিন্দারা বিদ্যুৎ সরবরাহ ও বায়ুদূষণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের সন্তুষ্ট করতে, এক্সএআই টেসলা-নির্মিত ব্যাটারি ছাড়ে সরবরাহ করেছে এবং একটি পানি পুনর্ব্যবহার কেন্দ্র নির্মাণ করেছে।
এক্সএআই বর্তমানে ১০ বিলিয়ন ডলারের নতুন তহবিল সংগ্রহে আলোচনা চালিয়ে যাচ্ছে, যা প্রতিষ্ঠানটির মূল্যমান ৭৫ বিলিয়ন ডলারে উন্নীত করতে পারে।
ডিবিটেক/বিএমটি







