দুর্গাপূজায় সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপিত হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা: নিশ্ছিদ্র নিরাপত্তা ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপনের মধ্য দিয়ে বাংলাদেশে ধর্মীয় সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপিত হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার (২৫ অক্টোবর) দুপুরে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে সমসাময়িক বিষয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আগাম প্রস্তুতি ও প্রযুক্তিনির্ভর সার্বক্ষণিক তদারকির ফলে এ […] The post দুর্গাপূজায় সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত স্

দুর্গাপূজায় সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপিত হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
২৫ অক্টোবর, ২০২৬ ১৮:০০  

ঢাকা: নিশ্ছিদ্র নিরাপত্তা ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপনের মধ্য দিয়ে বাংলাদেশে ধর্মীয় সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপিত হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

রোববার (২৫ অক্টোবর) দুপুরে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে সমসাময়িক বিষয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আগাম প্রস্তুতি ও প্রযুক্তিনির্ভর সার্বক্ষণিক তদারকির ফলে এ বছর কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়াই অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা সম্পন্ন হয়েছে। আগামী বছরগুলোতেও এ ধারাবাহিকতা বজায় থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সংবাদ সম্মেলনের শুরুতে দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নিরাপদ করতে কাজ করায় পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), আনসার, গোয়েন্দা সংস্থা, সাংবাদিকসহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মন্ত্রী।

তিনি বলেন, বিগত ১৫ থেকে ১৭ বছর ধরে দুর্গাপূজাকে কেন্দ্র করে বিভিন্ন অপ্রীতিকর ঘটনা, সন্ত্রাসী কর্মকাণ্ড এবং ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের চেষ্টা দেখা গেছে। তবে বর্তমান সরকার দেশকে সেই অপসংস্কৃতি থেকে মুক্ত করতে পেরেছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এবার কোনো ঘটনা ঘটার পর ব্যবস্থা নেওয়ার পরিবর্তে আগাম প্রতিরোধমূলক পদক্ষেপ নেওয়া হয়েছিল। ডিজিটাল অ্যাপ ও আধুনিক প্রযুক্তির মাধ্যমে তৃণমূল থেকে বিভাগীয় ও কেন্দ্রীয় পর্যায় পর্যন্ত সার্বক্ষণিক তদারকি করা হয়েছে। এর ফলে অশুভ চক্রের সম্ভাব্য কয়েকটি নাশকতামূলক পরিকল্পনা আগেই শনাক্ত ও নস্যাৎ করা সম্ভব হয়েছে।

৩৩ হাজার ৮৫১ মণ্ডপে দুর্গাপূজা

সালাহউদ্দিন আহমদ বলেন, বাংলাদেশের ইতিহাসে এবারই সর্বোচ্চ ৩৩ হাজার ৮৫১টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে। উৎসবকে আরও আনন্দমুখর করতে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে।

তিনি জানান, আগে দুর্গাপূজায় সরকারি বরাদ্দ সর্বোচ্চ চার কোটি টাকা থাকলেও প্রধানমন্ত্রী এ বছর তা বাড়িয়ে পাঁচ কোটি টাকা করেছেন। পাশাপাশি প্রতিটি মণ্ডপের জন্য চালের বরাদ্দ ১০০ কেজি বাড়িয়ে ৬০০ কেজি করা হয়েছে।

এ ছাড়া সাপ্তাহিক ছুটিসহ এ বছর সনাতন ধর্মাবলম্বীরা টানা পাঁচ দিনের ছুটি উপভোগ করেছেন। এর মধ্যে তিন দিন সরকারি ছুটি ছিল। এসব উদ্যোগ একটি ঐক্যবদ্ধ ও সম্প্রীতিময় বাংলাদেশ গড়ে তোলার ক্ষেত্রে সরকারের আন্তরিকতার বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেন তিনি।

গোপালগঞ্জে পুলিশের ওপর হামলার চেষ্টা

গোপালগঞ্জ সদর উপজেলার খেয়াঘাটসংলগ্ন এলাকায় সাম্প্রতিক একটি ঘটনা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগ এবং এর অঙ্গসংগঠন ছাত্রলীগ ও যুবলীগের কয়েকজন সন্ত্রাসী টহলরত পুলিশের ওপর হামলার চেষ্টা চালায়।

সংখ্যায় কম থাকায় পুলিশ সদস্যরা আক্রান্ত হলেও ঘটনার ভিডিও ফুটেজ পর্যালোচনা করে জড়িতদের বিরুদ্ধে ইতিমধ্যে আইনানুগ ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে বলে জানান তিনি।

সাজেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে

পার্বত্য অঞ্চলের সাজেকের সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সেখানে একাধিক ক্ষুদ্র সশস্ত্র গোষ্ঠীর অভ্যন্তরীণ কোন্দল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিবছর পর্যটন মৌসুমে কিছুটা উত্তেজনা সৃষ্টি হয়। তবে বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।

শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশ প্রয়োজনীয় কঠোর পদক্ষেপ নিচ্ছে। পাশাপাশি স্থানীয় সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়াসহ স্থানীয় নেতারা রাজনৈতিক আলোচনা অব্যাহত রেখেছেন বলে জানান তিনি।

অতিরিক্ত ডিআইজির বিরুদ্ধে ব্যবস্থা

দুর্গাপূজার ছুটিতে একজন অতিরিক্ত ডিআইজির বাসভবনে অভিযান এবং মোবাইল কোর্টের মাধ্যমে ৮৫ জনকে সাজা দেওয়ার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অভিযুক্ত কর্মকর্তার পরিচয় বিবেচনায় না নিয়ে তাঁকে ইতিমধ্যে সংযুক্ত করা হয়েছে। তাঁর বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী বিভাগীয় মামলাসহ অন্যান্য আইনি প্রক্রিয়া চলমান থাকবে।

শেখ হাসিনাকে ফেরাতে অনুরোধ

বিদেশে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা এবং বিদেশে দেওয়া বক্তব্য প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তাকে দেশে ফিরিয়ে আনতে আইন ও প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে প্রতিবেশী দেশকে একাধিকবার অনুরোধ জানানো হয়েছে।

তিনি বলেন, ফ্যাসিবাদী শক্তি অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করলেও গণঅভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে যাওয়া কোনো পলাতক অপরাধীকে দেশে নতুন করে অপতৎপরতা চালাতে দেওয়া হবে না।

তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন

আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আগামী জাতীয় নির্বাচন অবশ্যই নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত হবে। এটি রাজনৈতিক সমঝোতা ও আন্দোলনের অন্যতম প্রধান অঙ্গীকার ছিল।

তিনি বলেন, ত্রয়োদশ সংশোধনী-সংক্রান্ত সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের দেওয়া রায় সর্বোচ্চ আদালত বাতিল করেছে এবং বিচারিক প্রক্রিয়ায় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল করা হয়েছে।

আইনসভার মাধ্যমে সংবিধানে প্রয়োজনীয় সংশোধনী এনে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল ও প্রতিস্থাপন করা হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

The post দুর্গাপূজায় সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপিত হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.