জমি নিয়ে দ্বন্দে প্রাণ গেল চাচার, পলাতক ২ ভাতিজা

হিলি: দিনাজপুরের হাকিমপুর (হিলি) উপজেলায় জমিজমা-সংক্রান্ত বিরোধের জেরে রফিকুল ইসলাম (৫০) নামে এক ব্যক্তিকে লাঠি দিয়ে মারধরের অভিযোগ উঠেছে তার দুই ভাতিজার বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে হাকিমপুর উপজেলার খট্টামাধবপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। রফিকুল ইসলাম খট্টামাধবপাড়া ইউনিয়নের বলরামপুর গ্রামের মৃত অফিল […] The post জমি নিয়ে দ্বন্দে প্রাণ গেল চাচার, পলাতক ২ ভাতিজা first appeared on Sarabangla | Breaking News | Spo

জমি নিয়ে দ্বন্দে প্রাণ গেল চাচার, পলাতক ২ ভাতিজা
১০ সেপ্টেম্বর, ২০২৬ ১৮:০০  

হিলি: দিনাজপুরের হাকিমপুর (হিলি) উপজেলায় জমিজমা-সংক্রান্ত বিরোধের জেরে রফিকুল ইসলাম (৫০) নামে এক ব্যক্তিকে লাঠি দিয়ে মারধরের অভিযোগ উঠেছে তার দুই ভাতিজার বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে হাকিমপুর উপজেলার খট্টামাধবপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

রফিকুল ইসলাম খট্টামাধবপাড়া ইউনিয়নের বলরামপুর গ্রামের মৃত অফিল উদ্দিনের ছেলে। এ ঘটনায় অভিযুক্ত দুই ভাতিজা তামজিদুল ও জাকিরুল ঘটনার পর থেকে পলাতক রয়েছেন।

নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, বৃহস্পতিবার সকালে বাড়িতে পরিবারের সদস্যদের সঙ্গে বসে গল্প করছিলেন রফিকুল ইসলাম। এ সময় তার ভাতিজা তামজিদুল ও জাকিরুল বাড়িতে এসে জমিজমা-সংক্রান্ত বিষয় নিয়ে তার সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। একপর্যায়ে তারা রফিকুল ইসলামকে মারধর করেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ছেলে বলেন, ‘সকালে আমার দাদি ও ফুফুরা বাড়িতে বসে গল্প করছিলেন। এ সময় তামজিদুল ও জাকিরুল বাড়িতে এসে জমিজমা নিয়ে বাবার সঙ্গে তর্কে জড়ান। একপর্যায়ে তারা বাবাকে মারধর করেন। গুরুতর আহত অবস্থায় বাবাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘জমিজমা-সংক্রান্ত বিরোধের জেরে এক ব্যক্তির মৃত্যুর ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা চলছে।’

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহতের মরদেহের বিষয়ে আইনি প্রক্রিয়া শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

The post জমি নিয়ে দ্বন্দে প্রাণ গেল চাচার, পলাতক ২ ভাতিজা first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.