ঋণ ও পেমেন্ট সেবা দিতে চায় টিকটক

ঋণ ও পেমেন্ট সেবা দিতে চায় টিকটক
১ এপ্রিল, ২০২৬ ০৯:০২  

চীনের বাইটড্যান্সের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম টিকটক ব্রাজিলের কেন্দ্রীয় ব্যাংকের কাছে ফিনটেক লাইসেন্সের আবেদন করেছে। সরাসরি সংশ্লিষ্ট দুটি সূত্রের বরাতে রয়টার্স এ তথ্য জানিয়েছে। আবেদনের মাধ্যমে প্রতিষ্ঠানটি ইলেকট্রনিক মানি ইস্যুয়ার ও প্রত্যক্ষ ঋণ কোম্পানি হিসেবে লাইসেন্স পেতে চায়।

সূত্রগুলি জানিয়েছে, ইলেকট্রনিক মানি ইস্যুয়ার লাইসেন্স পেলে টিকটকের অ্যাপের ভেতরেই প্রিপেইড অ্যাকাউন্ট খোলা যাবে, যেখানে ব্যবহারকারীরা টাকা জমা রাখতে, পেমেন্ট পেতে ও লেনদেন করতে পারবেন। অন্যদিকে প্রত্যক্ষ ঋণ কোম্পানির লাইসেন্স পেলে টিকটক নিজস্ব মূলধন বা ঋণগ্রহীতাদের সঙ্গে ঋণদাতাদের সংযোগ ঘটিয়ে ঋণসেবা দিতে পারবে।

ব্রাজিলের কেন্দ্রীয় ব্যাংকের প্রধান গ্যাব্রিয়েল গালিপোলোর সঙ্গে মঙ্গলবার (৩১ মার্চ) বৈঠক করেন বাইটড্যান্সের গ্লোবাল পেমেন্টস প্রধান লিয়াও বাওহুয়া। আবেদন অনুমোদিত হলে ব্রাজিলে টিকটক নুব্যাঙ্কের মতো আর্থিক সেবা দিতে পারবে। নুব্যাঙ্ক বর্তমানে দেশটির বৃহত্তম ডিজিটাল ব্যাংক।

ব্রাজিল সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে বিশ্বের অন্যতম প্রধান বাজার। ২০২৫ সালের শেষ দিকে টিকটকের ১৮ বছরের ঊর্ধ্ব ব্যবহারকারীর সংখ্যা ছিল ১৩ কোটি ১০ লাখ, যা দেশটির মোট প্রাপ্তবয়স্ক জনসংখ্যার ৮০ শতাংশ।

টিকটক ইতিমধ্যে ইন্দোনেশিয়ায় পেমেন্ট লাইসেন্সের আবেদন করেছিল, কিন্তু তা প্রত্যাখ্যাত হয়। ২০২৩ সালের শেষ দিকে স্থানীয় প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে লেনদেনের সুযোগ করে নেয় প্রতিষ্ঠানটি। চীনে বাইটড্যান্স ২০২১ সালে ডুইয়িন পে চালু করে, যা অ্যালিপে ও উইচ্যাট পে-র সঙ্গে প্রতিযোগিতা করে।

ডিবিটেক/বিএমটি