বন্ধ হচ্ছে প্রিপেইড মিটারের মাসিক চার্জ
বিদ্যুতের প্রিপেইড মিটারে মাসিক ভাড়া বা মিটার চার্জ প্রত্যাহার করার কথা ভাবছে সরকার। ২৯ মার্চ, রবিবার সাংবাদিকদের সাথে আলাপকালে এমন ইঙ্গিত দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
তিনি বলেন, "প্রিপেইড মিটারের মাসিক চার্জ নিয়ে গ্রাহকদের মাঝে দীর্ঘদিন ধরেই এক ধরণের অস্বস্তি ও অসন্তোষ বিরাজ করছিল। বিষয়টি আমরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছি। একটি গ্রাহকবান্ধব বিদ্যুৎ সেবা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য, আর সেই লক্ষ্যেই আমরা দ্রুত এই মিটার চার্জ পদ্ধতি তুলে দিচ্ছি।"
বর্তমানে প্রিপেইড মিটারে প্রতি কিলোওয়াটে মাসিক ডিমান্ড চার্জ ৪২ টাকা এবং সিঙ্গেল ফেজে মিটার ভাড়া ৪০ টাকা। এই চার্জের সঙ্গে অতিরিক্ত ৫ শতাংশ ভ্যাট যুক্ত হয়। এমন পরিস্থিতিতে অনেক গ্রাহক অভিযোগ করে আসছিলেন, মিটারের দাম উঠে যাওয়ার পরও বছরের পর বছর এই ভাড়া নেওয়া হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন নাগরিক সংগঠনের পক্ষ থেকেও এই চার্জ প্রত্যাহারের দাবি জোরালো হয়ে উঠেছিল।
বিষয়টি নিয়ে বাসভবন থেকে ভার্চুয়ালি এক গোলটেবিল বৈঠকে যুক্ত হওয়া ইকবাল হাসান মাহমুদ টুকুর দৃষ্টি আকর্ষণ করা হলে সরকারের এই অবস্থানের কথা জানান মন্ত্রী।
তিনি বলেন, প্রিপেইড মিটারের মাসিক চার্জের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। মিটারের যে মাসিক চার্জ কাটা হয়, সেটি কীভাবে নির্ধারিত হচ্ছে তা ক্ষতিয়ে দেখতে নির্দেশ দেওয়া হয়েছে। মিটারের ব্যবহৃত প্রোগ্রাম পরীক্ষা-নিরীক্ষা করতে বলা হয়েছে।
মন্ত্রী জানান, দীর্ঘদিন ধরে প্রিপেইড মিটারের অতিরিক্ত চার্জ নিয়ে সাধারণ গ্রাহকদের মধ্যে অসন্তোষ ও ক্ষোভ ছিল। দায়িত্ব নেওয়ার পর থেকে বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হয়েছে। এরপর গ্রাহকদের সর্বাধিক সুবিধা নিশ্চিত করতে সরকার মিটার চার্জ ব্যবস্থা পুরোপুরি তুলে নেওয়ার কথা ভাবা হচ্ছে।



