পোস্টাল ব্যালটে ভোট দিতে অ্যাপে প্রবাসীদের নিবন্ধন ছাড়াল ৪ লাখ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ এ ভোট দিতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে এখন পর্যন্ত ৪ লাখ ১১ হাজার ৯০ জন প্রবাসী বাংলাদেশি ভোটার নিবন্ধন করেছেন। নিবন্ধন করা ভোটারদের মধ্যে ৩ লাখ ৮৪ হাজার ৯২৮ জন পুরুষ এবং ২৬ হাজার ১৬১ জন নারী।
সোমববার দুপুর ২টা পর্যন্ত নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটে প্রকাশিত পোস্টাল ভোটিং আপডেট থেকে এ তথ্য জানা গেছে।
এদিকে পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে নিবন্ধনের সময় সঠিক ঠিকানা দেওয়ার জন্য প্রবাসী বাংলাদেশিদের অনুরোধ জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ইসি থেকে পাঠানো এক বার্তায় বলা হয়, পোস্টাল ভোট বিডি অ্যাপে নিবন্ধনের সময় আপনার (প্রবাসী) অবস্থানকালে দেশের প্রচলিত নিয়মানুযায়ী সঠিক ঠিকানা দিন। প্রয়োজনে কর্মস্থল অথবা পরিচিতজনের ঠিকানা দিন।
অপরদিকে ভোট প্রদানের জন্য নির্বাচনী দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী, নিজ নির্বাচনী এলাকার বাইরে কর্মরত সরকারি চাকরিজীবী এবং আইনি হেফাজতে থাকা ভোটারগণকে ইন কান্ট্রি পোস্টাল ভোট (আইসিপিভি) এর মাধ্যমে আগামী ২৫ ডিসেম্বরের মধ্যে পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন করতে বলেছে নির্বাচন কমিশন (ইসি)।
ইসির বার্তায় বলা হয়েছে, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে নির্বাচনী দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা/কর্মচারীগণ, নিজ নির্বাচনী এলাকার বাইরে কর্মরত সরকারি চাকরিজীবী, আইনি হেফাজতে থাকা ভোটারগণকে ইন কান্ট্রি পোস্টাল ভোট (আইসিপিভি) এর মাধ্যমে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ এ ভোট প্রদানের জন্য আগামী ২৫ ডিসেম্বর ২০২৫ এর মধ্যে 'পোস্টাল ভোট বিডি’' অ্যাপ এ সকাল ৮ টা হতে রাত ৮ টা পর্যন্ত রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।
সরকারের সকল মন্ত্রণালয়/বিভাগ ও এর আওতাধীন সকল সংস্থা/অধিদপ্তর/পরিদপ্তর এ কর্মরত কর্মকর্তা/কর্মচারী আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালটে ভোটদানের লক্ষ্যে উদ্বুদ্ধ করতে হবে। iBAS++ সিস্টেম ব্যবহার করে সরকারি কর্মকর্তা/কর্মচারী শনাক্ত করা হবে। রাত ৮ টা থেকে সকাল ৮ টা পর্যন্ত iBAS++ সিস্টেম বন্ধ থাকে তাই এ সময় ব্যতীত অন্য সময়ে সরকারি কর্মকর্তা কর্মচারীগণ নিবন্ধন করবেন।
ডিবিটেক/এনইও/ইকে







