শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে ইউএফটিবি’র শ্রদ্ধাঞ্জলি নিবেদন

শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে ইউএফটিবি’র শ্রদ্ধাঞ্জলি নিবেদন
১৪ ডিসেম্বর, ২০২৫ ১৪:৪৫  

রাজধানীর মিরপুরে শহিদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি,বাংলাদেশ এর  উপাচার্য অধ্যাপক ড.মোহাম্মদ আবু ইউসুফ।

১৪ ডিসেম্বর, শহিদ বুদ্ধিজীবী দিবসে সকাল ৭টা ৪৫ মিনিটে উপাচার্য ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন, রেজিস্ট্রার মুহাম্মদ আতাউর রহমান খান, বিভাগীয় চেয়ারম্যান, প্রভোস্ট, প্রক্টর, পরিচালক (শিক্ষার্থী কল্যাণ),পরিচালক (গবেষণা ও সম্প্রসারণ)-সহ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। সেখানে কিছুসময় সবাই নীরবে দাঁড়িয়ে থাকেন।

দিবসটি উপলক্ষ্যে সকালে সূর্যোদয়ের সাথে সাথে ইউএফটিবি ক্যাম্পাসে জাতীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন করা হয় এবং বিশ্ববিদ্যালয়ের সবাই কালো ব্যাজ ধারণ করেন।

পুষ্পস্তবক অর্পণ শেষে মাননীয় উপাচার্য বলেন, ১৪ ডিসেম্বর বাঙালির ইতিহাসে একটি বেদনাময় দিন। বাংলাদেশকে মেধা মননে পঙ্গু করার হীন উদ্দেশ্যে চূড়ান্ত বিজয়ের উষালগ্নে দেশের প্রথিতযশা শিক্ষক, সাংবাদিক, সাহিত্যিক, দার্শনিক, বিজ্ঞানী, আইনজীবী, চিকিৎসক, প্রকৌশলী, স্থপতি, সংস্কৃতিসেবী যারা বাংলাদেশের অভ্যুদয়ে অবদান রাখছিলেন তাদের বেছে বেছে হত্যা করা হয়। তিনি বলেন, বুদ্ধিজীবীরা স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে জনমত গঠন করছিলেন। সমাজের নানা বৈষম্য, অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে তারা সোচ্চার ছিলেন। সবশেষে, তিনি ১৯৭১ সালের আজকের এই দিনে বিজয়ের চূড়ান্ত ক্ষণে শাহাদাতবরণকারী বুদ্ধিজীবীদের আত্মার মাগফেরাত কামনা করেন।

ডিবিটেক/এসআই/ইকে