গুচ্ছের বাইরেই থাকছে শাস্ট ও হাস্ট
২০২৫-২৬ শিক্ষাবর্ষে গুচ্ছ ভুক্ত ১৯ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া শুরু হবে আগামী ১০ ডিসেম্বর থেকে যা চলবে ২৪ ডিসেম্বর পর্যন্ত। তবে নানা আলোচনা হলেও এবারেও গুচ্ছের বাইরেই থাকছে গতবার বেরিয়ে যাওয়া শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ ৫ বিশ্ববিদ্যালয়।
গুচ্ছ ভর্তি পরীক্ষা কমিটির আহবায়ক ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ জানিয়েছেন, গুচ্ছ ভর্তি পরীক্ষার যাবতীয় কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য পরীক্ষা কমিটি প্রস্তুতি নিচ্ছে। আগামী ১০ ডিসেম্বরের মধ্যেই ২০২৫-২৬ শিক্ষাবর্ষের গুচ্ছ ভর্তি পরীক্ষার আবেদনের পূর্ণাঙ্গ ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। তবে, ইউজিসি এবং মন্ত্রণালয় চাইলেও গুচ্ছ থেকে বেরিয়ে যাওয়া বাকি ৫টি বিশ্ববিদ্যালয় এবারেও গুচ্ছের বাইরেই থাকছে। এই বিশ্ববিদ্যায়লয়গুলো হলো- শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয় ও খুলনা বিশ্ববিদ্যালয়।
এ বিষয়ে ইবি উপাচার্য জানান, গত বছরের গুচ্ছের তালিকায় থাকা ১৯টি বিশ্ববিদ্যালয় নিয়েই এই বছরও গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। নতুন কোনো বিশ্ববিদ্যালয় এখনও যুক্ত হয়নি।
প্রসঙ্গত, এবছরের গুচ্ছের ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া শুরু হবে আগামী ১০ ডিসেম্বর থেকে যা চলবে ২৪ ডিসেম্বর পর্যন্ত। ইউজিসির সিদ্ধান্ত অনুযায়ী, আগামী বছরের ২৭ মার্চ, ৩ এপ্রিল ও ১০ এপ্রিল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২৭ মার্চ ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া ৩ এপ্রিল ‘বি’ ইউনিট এবং ১০ এপ্রিল ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
ডিবিটেক/ডিসি/ইকে







