গুমের মামলায় ১০ সেনা কর্মকর্তার ভার্চুয়াল হাজিরার আবেদন খারিজ
গুমের অভিযোগে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় আটক ১০ সেনা কর্মকর্তার ভার্চুয়াল হাজিরার আবেদন খারিজ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। এরা হলেন- ব্রিগেডিয়ার জেনারেল মো. জাহাঙ্গীর আলম, তোফায়েল মোস্তফা সারোয়ার, মো. কামরুল হাসান, মো. মাহাবুব আলম, কেএম আজাদ, কর্নেল আবদুল্লাহ আল মোমেন ও আনোয়ার লতিফ খান (ওএসডি), লেফটেন্যান্ট কর্নেল মো. মশিউর রহমান, সাইফুল ইসলাম সুমন এবং মো. সারওয়ার বিন কাশেম।
এখন থেকে আওয়ামী লীগের টানা ক্ষমতায় টাস্কফোর্স ফর ইন্টারোগেশন সেলে (টিএফআই) গুম-নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেফতার এই ১০ সেনা কর্মকর্তাকে সশরীরে ট্রাইব্যুনালে হাজির হতে হবে।
৩ ডিসেম্বর, বুধবার বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন। বেঞ্চের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
এর আগে আসামিদের বিশেষ ভ্যানে কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।
বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে টিএফআই সেলে গুম করে রাখার অভিযোগে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের এই মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ১৭ জনকে আসামি করা হয়েছে। এদের মধ্যে শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকসহ মোট ৭ জন আসামি বর্তমানে পলাতক রয়েছেন।
ডিবিটেক/জেএন/ইকে







