কী আছে অ্যাপলের নতুন প্রজন্মের হেডফোনে?

কী আছে অ্যাপলের নতুন প্রজন্মের হেডফোনে?
১৭ মার্চ, ২০২৬ ২০:২৩  

প্রযুক্তি জায়ান্ট অ্যাপল অবশেষে তাদের বহুল প্রতীক্ষিত হেডফোন ‘এয়ারপডস ম্যাক্স ২’ উন্মোচন করেছে। সোমবার (১৬ মার্চ) আকস্মিক এক ঘোষণায় প্রতিষ্ঠানটি জানায়, ২০২০ সালে আসা পূর্বসূরির উত্তরসূরি হিসেবে এই হেডফোন বাজারে আসছে। খবর টেকক্রাঞ্চ।

এয়ারপডস ম্যাক্স ২-এর দাম ধরা হয়েছে ৫৪৯ ডলার। এতে রয়েছে অ্যাপলের অডিও-স্পেসিফিক এইচ২ চিপ, যা সক্রিয় নয়েজ ক্যানসেলেশন (এএনসি) ক্ষমতা পূর্বসূরির চেয়ে ১.৫ গুণ বেশি কার্যকর করেছে। অ্যাডাপ্টিভ অডিও ফিচার ব্যবহারকারীর অবস্থান অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে এএনসি ও ট্রান্সপারেন্সি মোড সামঞ্জস্য করে শোনার অভিজ্ঞতা উন্নত করবে।

ট্রান্সপারেন্সি মোড আরও ন্যাচারাল হয়েছে বলে দাবি অ্যাপলের। এইচ২ চিপের জন্য অপ্টিমাইজড নতুন ডিজিটাল সিগন্যাল-প্রসেসিং অ্যালগরিদম ও এয়ারপডস ম্যাক্স মাইক্রোফোন অ্যারের মাধ্যমে ব্যবহারকারীরা তাদের আশপাশের পরিবেশ সম্পর্কে সচেতন থাকতে পারবেন।

লাইভ ট্রান্সলেশন ফিচার ব্যবহারকারীদের মুখোমুখি আলাপে ভাষার ব্যবধান দূর করতে সহায়তা করবে। ভয়েস আইসোলেশন ফিচার কলের সময় অ্যাডভান্সড কম্পিউটেশনাল অডিও ব্যবহার করে ব্যাকগ্রাউন্ডের আওয়াজ কমিয়ে ব্যবহারকারীর কণ্ঠকে অগ্রাধিকার দেবে।

এছাড়া, নতুন হাই-ডায়নামিক-রেঞ্জ অ্যামপ্লিফায়ার পরিষ্কার অডিও নিশ্চিত করবে। স্পেশাল অডিও উন্নত হয়েছে বলে দাবি অ্যাপলের, যেখানে যন্ত্রের অবস্থান উন্নত, বেস রেসপন্স ভালো এবং মিড ও হাই ফ্রিকোয়েন্সি আরও স্বাভাবিক।

হেডফোনে ক্যামেরা রিমোট ফিচারও যুক্ত হয়েছে, যা দূর থেকে আইফোন বা আইপ্যাডের ক্যামেরা শাটার ট্রিগার করতে পারে। ডিজিটাল ক্রাউন টিপে ছবি তোলা বা ভিডিও রেকর্ডিং শুরু/বন্ধ করা যাবে।

লাউড সাউন্ড রিডাকশন ফিচার পরিবেশের উচ্চ শব্দ থেকে ব্যবহারকারীদের রক্ষা করে, একই সঙ্গে শোনা কনটেন্টের সাউন্ড সিগনেচার অক্ষুণ্ন রাখে। মাইক্রোফোনের মানও উন্নত হয়েছে, যা ইন্টারভিউয়ার, পডকাস্টার ও সিঙ্গারদের জন্য উচ্চমানের অডিও ক্যাপচার নিশ্চিত করবে।

ইউএসবি-সি কেবল সংযোগে এয়ারপডস ম্যাক্স ২ ২৪-বিট, ৪৮ কিলোহার্টজ লসলেস অডিও সাপোর্ট করবে। মিডনাইট, স্টারলাইট, অরেঞ্জ, পার্পল ও ব্লু রঙে পাওয়া যাবে এই হেডফোন। 

জানানো হয়েছে, আগামী ২৫ মার্চ থেকে প্রি-অর্ডার শুরু হয়ে এপ্রিলের শুরুর দিকে বাজারে আসবে।

ডিবিটেক/বিএমটি