জিডিইউ-তে জিএসটি গুচ্ছভুক্ত বি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

জিডিইউ-তে জিএসটি গুচ্ছভুক্ত বি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
২ মে, ২০২৫ ১৫:২১  
২ মে, ২০২৫ ১৬:২৯  

গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি (জিডিইউ) কেন্দ্রে ও উপকেন্দ্রে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের বি ইউনিটের (মানবিক শাখা) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার সাকালে অনুষ্ঠিত পরীক্ষায় ৭২৬ জন পরীক্ষার্থী উপস্থিত ছিলেন। অনুপস্থিত ছিলেন ৮৯ জন। জিডিইউ কেন্দ্রে উপস্থিতির হার ৮৯.০৮ শতাংশ।

বিশ্ববিদ্যালয় সূত্রে প্রকাশ, এ বছর বি ইউনিটে মোট ৮১৫ জন পরীক্ষার্থী জিডিইউ-কে কেন্দ্র হিসেবে নির্বাচন করেন। পরীক্ষা চলাকালে জিডিইউ-এর উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফ কেন্দ্র ও উপকেন্দ্র পরিদর্শন করেন এবং সার্বিক পরিবেশ ও কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন। 

ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফ বলেন, “অত্যন্ত শৃঙ্খলাপূর্ণ ও শান্তিপূর্ণ পরিবেশে গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি কেন্দ্রে আজ জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের বি ইউনিটের (মানবিক শাখা) ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে।”

তিনি ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনায় সংশ্লিষ্ট শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, স্বেচ্ছাসেবক শিক্ষার্থী, এলাকাবাসী, গাজীপুর জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ সকল সহযোগী প্রতিষ্ঠান ও ব্যক্তিকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।