দ্বিগুণ হচ্ছে মোটরবাইক, ফ্রিজ, এসি উৎপাদনকারীদের কর

দ্বিগুণ হচ্ছে মোটরবাইক, ফ্রিজ, এসি উৎপাদনকারীদের কর
৮ জানুয়ারি, ২০২৫ ১৪:১৪  
৮ জানুয়ারি, ২০২৫ ১৬:৫৮  

খুচরা যন্ত্রাংশসহ পূর্ণাঙ্গ ফ্রিজার, রেফ্রিজারেটর, মোটরসাইকেল, এয়ারকন্ডিশনার ও কম্প্রেসর তৈরি করা শিল্প প্রতিষ্ঠানের ব্যবসা থেকে অর্জিত আয়ের ওপর প্রদেয় আয়কর ২০ শতাংশ নির্ধারণ করেছে সরকার।

এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান স্বাক্ষরিত প্রজ্ঞাপন সূত্রে এ তথ্য জানা গেছে। বর্তমানে এ ধরনের শিল্প তাদের আয়ের ওপর ১০ শতাংশ কর দিচ্ছে। 

এর আগে খুচরা যন্ত্রাংশসহ পূর্ণ ফ্রিজ, রেফ্রিজারেটর, মোটরসাইকেল, এয়ার কন্ডিশনার ও কম্প্রেসার তৈরির প্রতিষ্ঠানকে করছাড় দিয়ে ২০২১ সালের ১৯ অক্টোবর এনবিআর থেকে আদেশ জারি করা হয়েছিল। যাতে শর্ত পরিপালন সাপেক্ষে ২০৩২ সালের ৩০ জুন পর্যন্ত কর হ্রাস করে ১০ শতাংশ করা হয়েছে। উৎপাদনের তারিখ হতে এসব প্রতিষ্ঠান তাদের আয়ের ওপর ১০ শতাংশ হারে কর দিতে হতো। এর আগে ২০০৯ সাল থেকে এসব খাতকে করছাড় দিয়ে আসছে এনবিআর। সে সময় ৫ শতাংশ হারে কর দিতো হতো।

তবে মঙ্গলবারের (৭ জানুয়ারি) জারি করা নতুন প্রজ্ঞাপনের নির্দেশনা ২০২৫-২০২৬ করবর্ষ হতে কার্যকর হবে, যা ২০৩২ সালে ৩০ জুন পর্যন্ত বলবৎ থাকিবে। প্রজ্ঞাপনে বেশ কিছু শর্তের কথা বলা হয়েছে।

শর্তগুলো হচ্ছে- শিল্প প্রতিষ্ঠানটি কোম্পানি আইন, ১৯৯৪ এর অধীন নিবন্ধিত হতে হবে; শিল্প প্রতিষ্ঠানটিকে আয়কর আইন, ২০২৩ এর ধারা ৭৬ এর উপ-ধারা (৫) এবং (৬) সহ অন্যান্য বিধানাবলি পরিপালন করতে হবে; শিল্প প্রতিষ্ঠানটির নিজস্ব মোল্ড ও ডাইস তৈরির ক্ষমতা থাকতে হবে; শিল্প প্রতিষ্ঠানটির নিজস্ব poly urethane foaming plant, powder coating plant এবং সক্রিয় বর্জ্য ব্যবস্থাপনা প্লান্ট এর ব্যবস্থা থাকতে হবে; শিল্প প্রতিষ্ঠানটি এনবিআরের অনুমোদিত হতে হবে এবং বিদ্যমান ব্যবসার পুনর্গঠন বা এইরূপ ব্যবসা বিভাজন দ্বারা গঠিত শিল্প প্রতিষ্ঠান অথবা বাংলাদেশে বিদ্যমান ব্যবসা প্রতিষ্ঠান হতে মেশিনারি অথবা স্থাপনা হস্তান্তরের মাধ্যমে গঠিত কোনো শিল্প প্রতিষ্ঠান হতে পারবে না এবং প্রজ্ঞাপন অনুযায়ী অব্যাহতিপ্রাপ্ত কোনো শিল্প প্রতিষ্ঠান শর্ত পরিপালনে ব্যর্থ হলে এনবিআর প্রদত্ত অনুমোদন প্রত্যাহার করতে পারবে।

নতুন নির্দেশনার যৌক্তিকতা নিয়ে এনবিআর কর্মকর্তারা মনে করেন, দীর্ঘদিন ধরেই এসব শিল্পে কর ছাড় দিয়ে আসছে সরকার। এসব শিল্প এখন অনেকটাই স্বাবলম্বী হয়েছে। দেশীয় শিল্প সুরক্ষায় এবং তাদের স্বাবলম্বী করতে এতোদিন তাদের কর হার কমানো ছিল। সেটাই বাড়ানো হয়েছে। মানে কর ছাড় প্রত্যাহার করে নিলো এনবিআর।

তবে ব্যবসায়ী নেতারা বলছেন, ছাত্র-জনতার অভ্যুত্থানে রাজনৈতিক পটপরিবর্তনের পর ব্যবসা-বাণিজ্য খাত বড় ধরনের ধাক্কা খায়। সেই ক্ষতি কাটিয়ে ওঠা যায়নি। উচ্চ মূল্যস্ফীতিও নিয়ন্ত্রণে আসছে না। এমন পরিস্থিতিতে ভ্যাট বাড়ানোর সিদ্ধান্ত মড়ার উপর খাঁড়ার ঘা।

এ প্রসঙ্গে জানতে চাইলে সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) বিশেষ ফেলো ড. মুস্তাফিজুর রহমান বলেন, ‘অর্থবছরের মাঝে ভ্যাট বাড়ানো, এটা চাপেই করতে হয়েছে। উচ্চ মূল্যস্ফীতির বাজারে এটা অবশ্যই একটা বাড়তি চাপ তৈরি করবে ভোক্তা ও উৎপাদক পর্যায়ে। সিগারেট বা মদে কর বাড়ানো যৌক্তিক। এ ছাড়া কিছু পণ্য উচ্চমধ্যবিত্তরা ব্যবহার করে। কিন্তু বাকিগুলো নিম্নমধ্যবিত্তরা ব্যবহার করে। এখানে ভ্যাট না বাড়িয়ে কীভাবে প্রত্যক্ষ করের আওতা বাড়াতে পারি, সেই দিক বিবেচনা করা উচিত ছিল। একই সঙ্গে পরোক্ষ কর, যা সর্বস্তরের মানুষের ওপর প্রভাব বিস্তার করে, সেটা কমানোর দিকে জোরালো পদক্ষেপ নেওয়া দরকার।’