চুয়েটে আইআরএইচইএস এর সেমিনার অনুষ্ঠিত

চুয়েটে আইআরএইচইএস এর সেমিনার অনুষ্ঠিত
১৩ এপ্রিল, ২০২৬ ১৯:৩২  

ইনস্টিটিউট অব রিভার, হারভার অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স (আইআরএইচইএস) আয়োজনে চুয়েটের পুরকৌশল বিভাগের সেমিনার কক্ষে অনুষ্ঠিত হলো “বিল্ডিং রেজিলিয়েন্ট সেনিটেশন সিস্টেম: এসটিপি, এফএসএম অ্যান্ড সাসটেইনেবল ড্রেইনেজ ইন প্র্যাকটিস” শীর্ষক সেমিনারে। 

১৩ এপ্রিল, সোমবার দুপুরে অনুষ্ঠিত প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া। 

সেমিনারে বিশেষ অতিথি ছিলেন বুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক ও গ্লোবাল সেনিটেশন গ্র্যাজুয়েট স্কুলের রিজিওনাল ডিরেক্টর অধ্যাপক ড. তানভীর আহমেদ এবং চুয়েটের পুরকৌশল বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. রিয়াজ আকতার মল্লিক। সভাপতিত্ব করেন আইআরএইচইএস-এর পরিচালক অধ্যাপক ড. আসিফুল হক। 

রিসোর্স পার্সন হিসেবে বক্তব্য দেন অধ্যাপক ড. তানভীর আহমেদ, অধ্যাপক ড. আসিফুল হক, অধ্যাপক ড. সুদীপ কুমার পাল এবং চট্টগ্রাম ওয়াসার নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ শাহাব উদ্দিন। সেমিনার সঞ্চালনা করেন আইআরএইচইএস-এর সহকারী অধ্যাপক ড. মো. আরিফ হোসেন।

 প্রধান অতিথির বক্তব্যে চুয়েট-এর ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া বলেছেন, মানুষের সুস্থ ও মর্যাদাপূর্ণ জীবনের জন্য নিরাপদ ও নির্মল পরিবেশ অপরিহার্য। আর এই পরিবেশের অন্যতম ভিত্তি হচ্ছে কার্যকর ও টেকসই স্যানিটেশন ব্যবস্থা। স্বাস্থ্যসম্মত স্যানিটেশন জনস্বাস্থ্যের উন্নয়নের পাশাপাশি দারিদ্র্য বিমোচন, অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং সামাজিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি আরও বলেন, নগরায়ণের অন্যতম বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে জলাবদ্ধতা। খাল, ড্রেন ও স্যুয়ারেজ লাইন অবৈধ দখল ও বর্জ্যে ভরাট হয়ে যাওয়ায় পানি নিষ্কাশন ব্যবস্থা ব্যাহত হচ্ছে। ফলে সামান্য বৃষ্টিতেই ভয়াবহ জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। এ সমস্যা সমাধানে প্রয়োজন খাল ও জলাধার পুনরুদ্ধার, ড্রেনেজ ব্যবস্থার নিয়মিত রক্ষণাবেক্ষণ এবং নগরবাসীর দায়িত্বশীল আচরণ।

আয়োজকরা জানান, এ ধরনের সেমিনার নগরায়ণ ও পরিবেশ ব্যবস্থাপনায় নতুন দৃষ্টিভঙ্গি তৈরি করবে এবং টেকসই স্যানিটেশন ব্যবস্থার বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখবে।

ডিবিটেক/আইইএম/এমইউআইএম