পদত্যাগ করছেন আইসিটি, টেলিকম ও সম্প্রচার উপদেষ্টা?
আইসিটি, টেলিকম ও তথ্যসম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করছেন জুলাই বিপ্লবে নেতৃত্ব দেওয়া অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম। গত মাসেই এমন খোঁজ পাওয়া গেলেও গণমাধ্যমের কাছে তা স্বীকার করেননি এই ছাত্র উপদেষ্টা। তবে শনিবার প্রবল ভাবে তিনি পদত্যাগ করেছেন বলে শোনা যাচ্ছে। অসমর্থিত সূত্র জানিয়েছে, রবিবার থেকে আর উপদেষ্টা থাকছেন না নাহিদ ইসলাম।
সূত্রমতে, ছাত্র-জনতার নতুন একটি রাজনৈতিক দল আত্মপ্রকাশ করতে যাচ্ছে। দল ঘোষণার আগেই তিনি সরকার থেকে পদত্যাগ করছেন। তবে এখনো তিনি পদত্যাগ পত্র জমা দিয়েছেন কি না তা তাৎক্ষণিক ভাবে নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে শনিবার (১৫ ফেব্রুয়ারি) দেশের বেসরকারি একটি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে অন্তর্বর্তীকালীন সরকারের এই উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, ‘আমরা চিন্তাভাবনা করছি। আমি ব্যক্তিগতভাবেও চিন্তাভাবনা করছি। যদি মনে করি, সরকারের থেকে আমার মাঠে যাওয়া, জনগণের সাথে কাজ করা বেশি জরুরি। মনে হয় আমি সরকার ছেড়ে দেবো এবং সে দলের প্রক্রিয়ায় যুক্ত হবো।’
তিনি আরো বলেন, ছাত্রদের নেতৃত্বে একটা নতুন রাজনৈতিক দলের পরিকল্পনা বা আলোচনা রয়েছে। সে দলে অংশগ্রহণ করতে হলে সরকারে থেকে সেটি সম্ভব নয়। সেই দলে আমি যদি যেতে চাই তাহলে সরকার থেকে আমি পদত্যাগ করবো। তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, অধ্যাদেশ নয় বরং বিচারিক প্রক্রিয়ায় আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত আসতে পারে। আর সেটা হতে পারে নির্বাচনের আগেই। নির্বাচন নিয়ে বিএনপির অবস্থান পরিষ্কার করায় সরকারের সাথে দূরত্ব কমেছে বলেও মনে করেন তিনি।
নাহিদ বলেন, কোটা বাতিল আন্দোলন থেকে সরকার পতনের ঘোষণা। গণঅভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতন। তারপর, এরইমধ্যে চলে গেছে ছয় মাসের বেশি সময়। দেশ পুনর্গঠনে ঐকমত্য তৈরির লক্ষ্যে সেপ্টেম্বরে শিক্ষার্থীরা গঠন করেন জাতীয় নাগরিক কমিটি। তাদের পক্ষ থেকেই গঠিত হচ্ছে নতুন রাজনৈতিক দল। আর, এই নতুন দলের আনুষ্ঠানিক ঘোষণা আসছে এ মাসেই।
উপদেষ্টা জানান, দলের কার্যক্রমে যোগ দিতে তিনিসহ উপদেষ্টা হিসেব দায়িত্ব পালন করা শিক্ষার্থী প্রতিনিধিরা পদত্যাগের ঘোষণা দিতে পারেন কয়েকদিনের মধ্যেই। ঘোষণা এসেছে দলটি এ মাসেই হবে উল্লেখ করে তিনি আরও বলেন, আর কয়েকদিনের ভেতরে একটা চূড়ান্ত সিদ্ধান্ত সবাই জানতে পারবেন। রাজনৈতিক দল গঠন আর ভোটের রাজনীতি যে ভিন্ন বিষয় তা জেনেই মাঠে নামা হচ্ছে বলেও জানান নাহিদ ।







