এক দশক পর বাজারে পেবল: কেমন হলো 'টাইম ২' স্মার্টওয়াচ?

এক দশক পর বাজারে পেবল: কেমন হলো 'টাইম ২' স্মার্টওয়াচ?
২৯ আগষ্ট, ২০২৬ ১৬:৫৮  

প্রযুক্তি বিশ্বের বাজার যখন অ্যাপল, স্যামসাং কিংবা গুগলের তৈরি জটিল ও বহুমুখী স্মার্টওয়াচে সয়লাব, ঠিক তখনই প্রায় এক দশকের বিরতি শেষে বাজারে ফিরল পেবল। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা এরিক মিগিকোভস্কি এবার নিয়ে এসেছেন ‘পেবল টাইম ২’, যা মূলত কবজিতে আস্ত একটি কম্পিউটার বসানোর পরিবর্তে স্মার্টফোনের একটি সহজ ও কার্যকর সহযোগী ডিভাইস হিসেবে কাজ করে। 

প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম এনগ্যাজেটের পর্যালোচনায় ১০-এর মধ্যে ৮.৯ নম্বর পাওয়া এই স্মার্টওয়াচটি অপ্রয়োজনীয় ফিচারের জটলা এড়িয়ে কেবল নোটিফিকেশন পড়া, গান নিয়ন্ত্রণ এবং আবহাওয়া দেখার মতো মৌলিক কাজগুলো দক্ষতার সাথে পরিচালনা করতে পারে।

ডিজাইন ও ডিসপ্লে
পেবল টাইম ২ গ্যাজেটটিতে ব্যবহার করা হয়েছে ১.৫ ইঞ্চির ৬৪ রঙের একটি ‘অলওয়েজ-অন’ ই-পেপার টাচস্ক্রিন ডিসপ্লে, যার সুরক্ষায় রয়েছে গরিলা গ্লাস। 

সিএনসি প্রযুক্তিতে তৈরি এর স্টেইনলেস স্টিলের বডি এবং ধারালো বোতামগুলো ডিভাইসটিকে বেশ মজবুত ও প্রিমিয়াম রূপ দিয়েছে। প্রখর সূর্যের আলোতেও এই ই-পেপার ডিসপ্লে অত্যন্ত স্পষ্টভাবে দেখা যায়। ঘড়িটিতে ২২ মিলিমিটারের যেকোনো সাধারণ স্ট্র্যাপ বা ফিতা ব্যবহার করার সুবিধা রয়েছে।

উন্নত পারফরম্যান্স ও দীর্ঘস্থায়ী ব্যাটারি
ঘড়িটিতে সাধারণ মানের প্রসেসর ব্যবহার করা হলেও এর ‘পেবলওএস’ সফটওয়্যারটি হালকা হওয়ায় পারফরম্যান্সে কোনো ধরনের ল্যাগ বা ধীরগতি দেখা যায় না। এর ভেতরের ১৮৫ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি সাধারণ ব্যবহারে অনায়াসে ৯ দিন এবং চার্জ সাশ্রয়ী মোডে প্রায় ২০ দিন পর্যন্ত ব্যাকআপ দিতে সক্ষম। 

ভ্রমণের সুবিধার্থে চার্জ দেওয়ার জন্য এতে দেওয়া হয়েছে বিশেষ ইউএসবি-সি অ্যাডাপ্টার। এ ছাড়া এটি দিয়ে সাধারণ শারীরিক ব্যায়াম, হৃদস্পন্দন, হাঁটার ধাপ এবং ঘুমের হিসাবও রাখা যায়।

ওপেন সোর্স সফটওয়্যার ও দাম
সম্পূর্ণ ওপেন সোর্স সফটওয়্যারে পরিচালিত এই স্মার্টওয়াচে ব্যবহারের জন্য হাজার হাজার থার্ড-পার্টি ওয়াচফেস ও অ্যাপ রয়েছে। তবে স্টপওয়াচ বা টাইমারের মতো কিছু প্রাথমিক ফিচারের জন্য ব্যবহারকারীকে অ্যাপ স্টোর থেকে থার্ড-পার্টি অ্যাপ ডাউনলোড করে নিতে হয়। 

আন্তর্জাতিক বাজারে ২২৫ মার্কিন ডলারে বিক্রি হওয়া এই গ্যাজেটটি সবার জন্য না হলেও, যারা জটিল প্রযুক্তির বদলে একটি দীর্ঘস্থায়ী ও সহজ স্মার্টওয়াচ খুঁজছেন, তাদের জন্য এটি হতে পারে চমৎকার একটি সমাধান।

ডিবিটেক/বিএমটি