হোয়াটসঅ্যাপে ‘প্রি-টিন’ অ্যাকাউন্ট চালু

হোয়াটসঅ্যাপে ‘প্রি-টিন’ অ্যাকাউন্ট চালু
১২ মার্চ, ২০২৬ ১০:০৮  

সামাজিক যোগাযোগ জায়ান্ট মেটা তাদের মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপে ১৩ বছরের নিচে ব্যবহারকারীদের জন্য অভিভাবক-তত্ত্বাবধানে থাকা অ্যাকাউন্ট সুবিধা চালু করেছে। বুধবার (১১ মার্চ) এক ঘোষণায় প্রতিষ্ঠানটি জানায়, এই অ্যাকাউন্টগুলো শুধু মেসেজিং ও কলিংয়ের মধ্যে সীমাবদ্ধ থাকবে এবং এগুলোতে কোনো বিজ্ঞাপন দেখানো হবে না। খবর টেকক্রাঞ্চ।

হোয়াটসঅ্যাপ অ্যাপ স্টোর ও প্লে স্টোর উভয় ক্ষেত্রেই ১৩+ রেটিং পাওয়া সত্ত্বেও অনেক প্রি-টিন শিশু তাদের অভিভাবকের সঙ্গে যোগাযোগের জন্য এই অ্যাপ ব্যবহার করে। অভিভাবকদের চাহিদার পরিপ্রেক্ষিতেই এই নতুন ফিচার চালু করা হচ্ছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

প্রি-টিন অ্যাকাউন্ট সেটআপ করতে অভিভাবক বা অভিভাবকের নিজের ডিভাইস ও শিশুর ডিভাইস দুটোই প্রয়োজন হবে। কিউআর কোড স্ক্যান করে অ্যাকাউন্টটি যাচাই করতে হবে। সেটআপের সময় অভিভাবকরা পরিচালিত অ্যাকাউন্টের কার্যক্রম সম্পর্কে সতর্কবার্তা পেতে কনফিগার করতে পারবেন। ডিফল্টভাবে শিশু যখন কোনো কন্টাক্ট অ্যাড, ব্লক বা রিপোর্ট করবে তখন অভিভাবক সতর্কবার্তা পাবেন।

অভিভাবকরা চাইলে অতিরিক্ত কার্যক্রমের সতর্কতাও চালু করতে পারবেন। এর মধ্যে রয়েছে শিশুর নাম বা প্রোফাইল ছবি পরিবর্তন, নতুন চ্যাট রিকোয়েস্ট পাওয়া, গ্রুপে যোগদান, তৈরি বা ত্যাগ করা, গ্রুপে ডিসঅ্যাপিয়ারিং মেসেজ চালু করা এবং কোনো চ্যাট বা কন্টাক্ট মুছে ফেলা। এই সব সেটিংস একটি ছয় অঙ্কের পিন দিয়ে সুরক্ষিত থাকবে, যা অভিভাবক নিজের ডিভাইস থেকে সেট ও পরিবর্তন করতে পারবেন।

এই পরিচালিত অ্যাকাউন্টগুলো মেটা এআই, চ্যানেল বা স্ট্যাটাসের মতো ফিচার অ্যাক্সেস করতে পারবে না। পাশাপাশি তারা ওয়ান টু ওয়ান চ্যাটে ডিসঅ্যাপিয়ারিং মেসেজ চালু করতে পারবে না। তবে সব চ্যাট ও কল এন্ড-টু-এন্ড এনক্রিপ্টেড ও প্রাইভেট থাকবে।

শিশুরা যখন তাদের কন্টাক্টে না থাকা কারও কাছ থেকে মেসেজ পাবে, তখন একটি কনটেক্সট কার্ড দেখতে পাবে। এই কার্ডে দেখা যাবে অজানা কন্টাক্টটির সঙ্গে শিশুর কোনো কমন গ্রুপ আছে কি না এবং তারা কোন দেশের। এছাড়া শিশুরা অজানা নাম্বার থেকে কল সাইলেন্স করতে পারবে। ডিফল্টভাবে অজানা কন্টাক্ট থেকে আসা ছবিও ব্লার করা থাকবে।

পরিচালিত অ্যাকাউন্টের সব চ্যাট রিকোয়েস্ট আলাদা ফোল্ডারে থাকবে, যা অভিভাবকের পিন দিয়ে লক করা। গ্রুপ ইনভাইট লিংকও পিনের আড়ালে থাকবে। গ্রুপের সদস্য সংখ্যা ও অ্যাডমিন কে তা জানার পরই অভিভাবক অনুরোধ গ্রহণ করতে পারবেন।

শিশুরা যখন নির্ধারিত বয়স পূর্ণ করবে, তখন তাদের অ্যাকাউন্ট স্ট্যান্ডার্ড অ্যাকাউন্টে রূপান্তরের নোটিফিকেশন পাবে। অভিভাবকরা চাইলে এই রূপান্তর ১২ মাস বিলম্বিত করতে পারবেন।

মেটা জানিয়েছে, প্রথমে নির্দিষ্ট কিছু অঞ্চলে এই রোলআউট শুরু হবে এবং আগামী কয়েক মাসে ধীরে ধীরে সম্প্রসারিত হবে।

ডিবিটেক/বিএমটি