শুক্রবার সকালের মধ্যে সাত দেশের ‘নিবন্ধন অ্যাপ’ সচলের প্রত্যাশা

শুক্রবার সকালের মধ্যে সাত দেশের ‘নিবন্ধন অ্যাপ’ সচলের প্রত্যাশা
২৭ নভেম্বর, ২০২৫ ১৮:৪৮  

ঠিকানা জনিত সমস্যার কারণে ৭ দেশে সাময়িকভাবে বন্ধ রয়েছে পোস্টাল ভোট বিডি অ্যাপে নিবন্ধন কার্যক্রম। তবে, আগামীকাল শুক্রবার সকালের মধ্যে এই অ্যাপ আবার চালু করার চেষ্টা চলছে; যাতে ছুটির দিনটিকে প্রবাসীরা কাজে লাগাতে পারেন।

২৭ নভেম্বর, বৃহস্পতিবার বিকালে নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে এমনটাই প্রত্যাশা করেছেন আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন (ওসিভি–এসডিআই) প্রকল্পের ‘টিম লিডার’ সালিম আহমাদ খান। তিনি বলেন, আমরা কাজ করছি, কাল (শুক্রবার) সকালের মধ্যে নেক্সট রিলিজটা দেওয়ার জন্য। যাতে শুক্রবার ছুটির দিন প্রবাসী ভোটাররা কাজে লাগাতে পারেন। যত শিগগির সম্ভব অ্যাপটা আবার এই সাতটা দেশে চালুর চেষ্টা করছি।

এর আগে ২৬ নভেম্বর, বুধবার মধ্যরাত থেকে বিশ্বের সব দেশে প্রবাসী বাংলাদেশিদের জন্য নিবন্ধন অ্যাপ একসঙ্গে উন্মুক্ত করা হয়। তবে, পোস্টাল ভোট বিডি অ্যাপে পূর্ণাঙ্গ ঠিকানা না দেওয়ায় বাহরাইন, কুয়েত, মালয়েশিয়া, ওমান, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত প্রবাসীদের নিবন্ধন কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখা হয়। নির্বাচন কমিশন সতর্ক করে জানায় যে, সঠিক ও পূর্ণাঙ্গ ঠিকানা ছাড়া পোস্টাল ব্যালট পেপার পাঠানো সম্ভব হবে না।

ঠিকানা বিভ্রাটে ৭ দেশে পোস্টাল ভোটের নিবন্ধন স্থগিত

সালিম আহমাদ খান জানান, গত ১৮ নভেম্বর প্রবাসী বাংলাদেশি ভোটার ও দেশের ভেতরের তিন ধরনের ব্যক্তির জন্য ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ উদ্বোধন করা হয়। এরপর ধারাবাহিকভাবে বৈশ্বিক অঞ্চলভিত্তিক নিবন্ধন শুরু হয়, যা বৃহস্পতিবার (২৭ নভেম্বর) প্রথম প্রহর থেকে যেকোনো দেশ থেকে করা যাচ্ছে। আগামী ১৮ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত এ নিবন্ধন কার্যক্রম চলবে।

নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ নিবন্ধনের সার্বিক অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেছেন। তিনি বলেন, প্রবাসী ভোটিংয়ের জন্য প্রবাসী বাংলাদেশি ভোটারদের অন্তর্ভুক্তির ব্যাপারে এক্সপেক্টেশন যেটা হাই ছিল, এখনও আমাদের হাই আছে। একটা জিনিস নতুন পদ্ধতিকে যখন রোল আউট করা হয়েছে তখন ছোটোখাটো প্রবলেম হবে। এ নিয়ে প্রচার-প্রচারণাও চলছে।

সচিব আরও জানান, আমরা অগ্রসর হব প্রবলেম হবে; প্রবলেমটাকে সলভ করব, এইভাবে আমাদেরকে আগাতে হবে। ইতোমধ্যে অর্ধলক্ষাধিক নিবন্ধন করেছে। স্যাটিসফ্যাক্টরি তো বটেই। সার্বিক বিষয় মনিটর করে আমরা সেটাকে অ্যাড্রেস করার চেষ্টা করছি। এভাবে আমরা এগিয়ে যাব ইনশাআল্লাহ।

ডিবিটেক/ডিপি/ইকে