অ্যালগরিদম ঠিক রেখে বিক্রি হতে পারে টিকটক

অ্যালগরিদম ঠিক রেখে বিক্রি হতে পারে টিকটক
১৭ সেপ্টেম্বর, ২০২৫ ১৬:৩৫  

টিকটক বিক্রি নিয়ে নতুন করে অগ্রগতি হয়েছে বলে দাবি করছে চীনা সূত্র। যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের কাছে অ্যাপটির মালিকানা হস্তান্তরের বিষয়ে চীন ও যুক্তরাষ্ট্র একটি “প্রাথমিক কাঠামোগত সমঝোতায়” পৌঁছেছে। তবে এর আওতায় টিকটকের অত্যন্ত সফল অ্যালগরিদম এবং কিছু মেধাস্বত্ব চীনের হাতেই থাকবে। খবর জিএসএমএরিনা।

বিশ্লেষকদের মতে, এখনও চূড়ান্ত কোনো শর্তাবলি ঠিক হয়নি। ফলে পূর্বনির্ধারিত ১৭ সেপ্টেম্বরের সময়সীমা আবারও পিছিয়ে যেতে পারে। এর আগে কংগ্রেসের অনুমোদনও লাগবে বলে জানা গেছে।

ঘটনার সঙ্গে পরিচিত ব্যক্তিরা জানাচ্ছেন, সম্ভাব্য সমঝোতার অংশ হিসেবে যুক্তরাষ্ট্র সংস্করণে আলাদা টিকটক অ্যাপ তৈরি করা হচ্ছে। এতে করে আমেরিকান ব্যবহারকারীদের তৈরি কনটেন্ট বৈশ্বিক পর্যায়ে পৌঁছাতে পারবে এবং বিশ্বব্যাপী কনটেন্টও যুক্তরাষ্ট্রে দেখা যাবে।

তবে এখনো স্পষ্ট নয় কারা টিকটক কিনতে যাচ্ছে। চলতি বছরের মার্চ ও এপ্রিলে গুজব উঠেছিল, অ্যামাজনসহ কয়েকটি বড় প্রতিষ্ঠান টিকটক কেনার জন্য দরপত্র দিয়েছে।

ডিবিটেক/বিএমটি