উইচ্যাটে প্রেম; মাদারীপুরে চীনা যুবকের বিয়ে
টিকটকে পরিচয়। এরপর উইচ্যাটে প্রণয়। চার মাসের প্রেমের টানে হাজার হাজার মাইল পেরিয়ে বাংলাদেশে আসেন সাংহাই শহরের সি-তিয়ানজি (২৬)। মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের উত্তর মহিষের চরের কনে সুমাইয়া আক্তারের (২০) বাড়িতে। উভয় পরিবারের সম্মতিতে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন তারা।
২৮ জুলাই নোটারি পাবলিকের মাধ্যমে শরিয়ত বিধি মেনে ৫ লাখ টাকা দেনমোহরে বিয়ে হয় দু’জনের। চীনের যুবক ও আর বাংলাদেশি মেয়ের বিয়ের খবরে সুমাইয়ার বাড়িতে ছুটে আসেন প্রতিবেশীরা। চীনা যুবককে দেখতে প্রতিনিয়ত ভিড় জমাচ্ছেন বিভিন্ন এলাকা থেকে আসা উৎসুক জনতা।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের উত্তর মহিষেরচর এলাকার সাইদুর মুন্সি ও ইয়াসমিন বেগম দম্পতির মেয়ে সুমাইয়া (১৯)। তিনি মাদারীপুর সরকারি মহিলা কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্রী। অপরদিকে চীনের সাংহাই শহরের সি জিং নিং ও মা ওয়াং ইং দম্পতির ছেলে সিতিয়ান জিং (২৬)। সাংহাই শহরে সিতিয়ানের রেস্টুরেন্টের ব্যবসা আছে। দেড় মাস পর বাঙালী বধূকে চীনে নিজের বাড়িতে ওঠাবেন চীনা যুবক।
পাঁচখোলা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বর) মো. রুবেল হাওলাদার বলেন, ‘কয়েক দিন আগে চীন থেকে এক ছেলে এখানে এসেছেন। তার সঙ্গে আমাদের এলাকার সুমাইয়ার বিয়ে হয়। প্রথমে কোর্টের মাধ্যমে বিয়ে হয়েছে। পরে সামাজিকভাবে গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে বিয়ে হয়। শুনেছি চীনে ওই ছেলের ব্যবসা আছে। কিছুদিনের মধ্যে সুমাইয়াকেও চীনে নিয়ে যাবেন।’
প্রেমের গল্প শুনতে গিয়ে জানা গেছে, সিতিয়ানকে প্রথম টিকটকে দেখে ভালো লেগে যায় সুমাইয়ার। এরপর উইচ্যাটের মাধ্যমে তাদের মধ্যে কথা চালাচালি হয়। দুজনই সফটওয়ারের মাধ্যমে লেখা অনুবাদ করে মনের কথা একে অন্যকে জানাতেন। সুমাইয়ার সঙ্গে মাত্র চার মাস প্রেম করে বাংলাদেশে চলে এসেছেন সিতিয়ান। ২৪ জুলাই চীন থেকে ঢাকায় আসেন তিনি। এরপর ২৬ জুলাই মাদারীপুর মহিষেচরের সুমাইয়ার বাড়িতে আসেন তিনি। সুমাইয়া, সুমাইয়ার বাবা সাইদুল মুন্সি ও আরও দুই আত্মীয় মিলে ঢাকা থেকে তাঁকে মাদারীপুরে নিয়ে আসেন। এরপর ২৭ জুলাই সিতিয়ান ও সুমাইয়া বিয়ে করেন।
সুমাইয়া আক্তার বলেন, ‘টিকটক দেখে আমি ওর ভক্ত হই। এরপর ইউটার্চের মাধ্যমে আমাদের কথা বলা শুরু হয়। কথা বলতে বলতে আমরা একে অন্যের প্রেমে পড়ে যাই। কিন্তু মাত্র চার মাসের প্রেমের সূত্র ধরে চীন থেকে সিতিয়ান বাংলাদেশ আমার কাছে চলে আসবে, তা কখনো ভাবিনি। ও প্লেনে ওঠার সময় বলেছে, আমি বাংলাদেশে আসতেছি। কিন্তু আমি বিশ্বাস করেনি। যখন ইন্ডিয়া এসে আমাকে জানায়, তখন বিশ্বাস করেছি। ও তার মা-বাবাকে আমার কথা বলেছে। ওরাও মুসলিম। ওর মা বলেছেন, আমাকে বিয়ে করে চীনে নিয়ে যেতে। তাই সিতিয়ান বাংলাদেশে এসে আমাকে বিয়ে করেছে। এরই মধ্যে পাসপোর্ট করতে দিয়েছি। ও এক মাস বাংলাদেশে থাকবে। এরই মধ্যে আমার সব কাগজপত্র রেডি করা হবে। তারপর ও আমাকে চীনে নিয়ে যাবে। আমিও চীনে যাবার জন্য প্রস্তুতি নিচ্ছি।’
বাংলা ভাষায় কথা বলতে না পারায় মোবাইল ফোনে অনুবাদ করে কথা আদান-প্রদান করেন সিতিয়ান। তিনি বলেন, ‘বাংলাদেশ আমার ভালো লেগেছে। তবে অনেক গরম। আর অনেক মানুষ আমাকে দেখতে আসে, তাই আমার ভয় লাগে। আমি ভালোবেসে চীন থেকে এখানে এসেছি। সুমাইয়াকে বিয়ে করেছি। এখন ওর কাগজপত্র রেডি করে চীনে নিয়ে যাব। আমার পরিবার সব জানে। তারাই সুমাইয়াকে চীনে নিয়ে যেতে বলেছে।’
সুমাইয়ার বাবা সাইদুর রহমান বলেন, ‘আমার মেয়ে ইন্টারনেটে যোগাযোগ করে চীনের যুবককে ভালোবেসে বিয়ে করেছে। এতে আমরা সবাই খুশি। তারা সারাজীবন সুখে থাকুক, এই প্রত্যাশা করি।’







