নিভেছে টিকাটুলির কেমিক্যালের আগুন

নিভেছে টিকাটুলির কেমিক্যালের আগুন
২ জুলাই, ২০২৫ ০৭:৪২  
২ জুলাই, ২০২৫ ১১:০৩  

রাজধানীর টিকাটুলিতে একটি কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের চেষ্টায় দুই ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাজাহান শিকদার এ তথ্য জানান।

বুধবার (২ জুলাই) ভোর ৫টার দিকে টিকাটুলির মামুন প্লাজা নামে একটি ভবনের তৃতীয় তলায় ওই গোডাউনে আগুন লাগে। সকাল ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

শাজাহান শিকদার জানান, ভোর ৫টার দিকে মামুন প্লাজায় অগ্নিকাণ্ডের খবর পাওয়া যায়। পরে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের সারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। আরও তিনটি ইউনিট ঘটনাস্থেলে উপস্থিত ছিল। সকাল ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ পরিদর্শক আনোয়ারুল ইসলাম জানান, হাটখোলার মামুন প্লাজায় ওই রাসায়নিকের গুদামে বুধবার ভোর ৫টার দিকে আগুন লাগার খবর পান তারা। 

আগুন নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা ফায়ার সার্ভিসের উপ-পরিচালক ছালেহ উদ্দিন পরে সাংবাদিকদের জানান, তিনতলা ভবনের তৃতীয় তলায় ওই গুদামে কী ধরনের রাসায়নিক ছিল সেখানে উপস্থিত কেউ সে বিষয়ে ধারণা দিতে পারেননি। মালিক পক্ষের কেউ সেখানে ছিলেন না।

তথ্য না পাওয়ায় এবং পরিস্থিতি ঝুঁকিপূর্ণ হওয়ায় আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হয়েছে জানিয়ে তিনি বলেন, সেখানে ফোম এবং পানি দুটোই ব্যবহার করছি।

ছালেহ উদ্দিন বলেন, ওই ভবনের অন্যান্য ফ্লোরে অনেকগুলো পরিবার থাকে। তাদের সেখান থেকে নামিয়ে আনা হয়েছিল। এ ঘটনায় কেউ হতাহত হননি।
তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি ফায়ার সার্ভিসের কোনো কর্মকর্তাই।