দুই বছরের মধ্যে বিটকয়েনের সর্বোচ্চ সাপ্তাহিক দরপতন
বিশ্বের শীর্ষ ক্রিপ্টোকারেন্সি বিটকয়েন চলতি সপ্তাহে ব্যাপক দরপতনের সম্মুখীন হয়েছে, যা ২০২২ সালে এফটিএক্স বিপর্যয়ের পর সবচেয়ে বড় সাপ্তাহিক পতন। শুক্রবার এটি ৭৮,২৭৩ ডলারে নেমে আসে, যা গত বছরের নভেম্বরের পর সর্বনিম্ন। খবর রয়টার্স।
গত এক সপ্তাহে বিটকয়েনের মূল্য ১৬% কমেছে, যার ফলে ক্রিপ্টো বাজার প্রায় অর্ধ ট্রিলিয়ন ডলার হারিয়েছে। বাজার বিশ্লেষকদের মতে, মুদ্রাস্ফীতির চাপ, যুক্তরাষ্ট্রের ক্রিপ্টো নীতির অনিশ্চয়তা এবং ট্রাম্পের শুল্ক নীতির কারণে বিনিয়োগকারীদের আস্থা নড়বড়ে হয়ে পড়েছে।
এছাড়া, জনপ্রিয় ক্রিপ্টো এক্সচেঞ্জ বাইবিটের সাম্প্রতিক ১.৫ বিলিয়ন ডলারের হ্যাকিং ঘটনাও বাজারে নেতিবাচক প্রভাব ফেলেছে। যুক্তরাষ্ট্রের বিটকয়েন ইটিএফগুলো থেকে ইতোমধ্যে ২.২৭ বিলিয়ন ডলারের বিনিয়োগ তুলে নেওয়া হয়েছে।
বিশ্লেষকরা বলছেন, বিটকয়েনকে সাধারণত "ডিজিটাল গোল্ড" হিসেবে বিবেচনা করা হলেও সাম্প্রতিক পতন প্রমাণ করছে যে এটি প্রকৃতপক্ষে একটি ঝুঁকিপূর্ণ সম্পদ। এথেরিয়ামও ৬% কমে ২,১৪৯ ডলারে নেমে এসেছে।
এদিকে, ডোনাল্ড ট্রাম্পের "ট্রাম্প" মেমেকয়েন এবং তার স্ত্রীর "মেলেনিয়া" টোকেন যথাক্রমে ৫০% এবং ৯০% দর হারিয়েছে। বাজার পরিস্থিতি অনিশ্চিত থাকায় বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
ডিবিটেক/বিএমটি



