স্পিকারের কক্ষ থেকে পলকের দুই আগ্নেয়াস্ত্র গায়েব!
লাইসেন্সসহ সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী এবং নাটোর-৩ আসনের সাবেক জুনাইদ আহমেদ পলকের দুইটি অস্ত্র হারিয়ে গেছে! আওয়ামী লীগ সরকারের পতনের দিন জাতীয় সংসদ ভবনের চতুর্থ তলায় স্পিকার শিরিন শারমিনের অফিস থেকে অস্ত্র দুটি হারিয়ে গেছে বলে দাবি করেছেন সাবেক প্রতিমন্ত্রীর আইনজীবী সাদ্দাম হোসেন। অস্ত্র দুটির মধ্যে একটি পিস্তল ও অপরটি শটগান।
এ সংক্রান্ত একটি আবেদন ঢাকা জেলা প্রশাসক কার্যালয়ে দেওয়ার পর অনুলিপি সিংড়া থানায় দেওয়া হয়েছে।
পলকের আইনজীবী সাদ্দাম হোসেন দাবি করেন, গত ৫ আগস্ট পলক তার সঙ্গীদের নিয়ে জাতীয় সংসদ ভবনের চতুর্থ তলায় স্পিকারের রুমে আশ্রয় নেন। পরে ওই দিনের পরিস্থিতি বিবেচনায় লাইসেন্সসহ ৩২ বোর পিস্তল ও ১২ বোর শটগান স্পিকারের রুমে রেখে আত্মগোপন করেন। এ বিষয়ে গত ৩ সেপ্টেম্বর এ বিষয়ে একটি আবেদনের কপি ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে জমা দেওয়া হয়। পরে এর অনুলিপি সিংড়া থানায় পাঠানো হয়।
সিংড়া থানার ওসি আবুল কালাম ওই অনুলিপি পাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।
প্রসঙ্গত, সরকার পতনের পর বিদেশে যাওয়ার চেষ্টা চালান সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তবে বিমানবন্দরে তাকে আটকে দেওয়া হয়েছে। এরপর ১৪ আগস্ট তাকে গ্রেফতার করে।







