সিইওরা বাংলা মায়ের সন্তান হওয়ায় বাংলা এসএমএস-এ সফলতা : মন্ত্রী
অজুহাত না দেখিয়ে দেশের মোবাইল অপারেটরগুলোতে বাংলাভাষার মানুষের নেতৃত্বে থাকায় বাংলা খুদে বার্তায় অর্ধেক খরচ এবং ‘সকল এসএমএস/নোটিফিকেশন বাংলায় প্রেরণ’ সফল হলো বলে স্বস্তি প্রকাশ করেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।
তিনি বলেন, অপারেটরগুলোর সিইওরা যদি বাংলা মায়ের সন্তান না হতো তারা এই কাজটা করতে কারিগরি সমস্যার নামে যথা সময়ে করা সম্ভব হতো না। তাদের কারণেই আগামী ৩০ জুনের মধ্যে এই রূপান্তরের কাজ পুরোপুরি সম্ভব হবে বলে আমি আশা রাখি।
এসময় ‘ভাষায় বিশ্বে তৃতীয় অবস্থানে যাবে শতবর্ষের বাংলাদেশ’ সামনের ৫০ বছরের মধ্যে বাংলা হবে বিশ্বের তৃতীয় ভাষা হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন মন্ত্রী।
তিনি বলেন, ডিজিটাল দুনিয়ায় বাংলা ভাষা কোনো ভাষা থেকেই পিছিয়ে নেই। কেননা এখন সব ধরনের ডিজিটাল মাধ্যমে বাংলা ব্যবহার করা যায়। আমরা যুদ্ধ করে আইকান ও ইউনিকোড কনসর্টিয়ামের কাছ থেকে আমাদের বিজয় ছিনিয়ে এনেছি। এবার শুধু এর প্রয়োগের সীমাবদ্ধতা জয় করতে হবে।
ইংরেজি থেকে বাংলা অনুবাদ না করে গ্রাহকের ভাষায় বাংলা খুদে বার্তা দিতেও টেলিকম অপারেটরদের প্রতি আহ্বান জানান মন্ত্রী।
চীন যদি নিজেদের ভাষা দিয়ে যদি সমৃদ্ধ অর্থনীতির দেশ হতে পারে তাহলে আমরা কেন পারব না- প্রশ্ন রাখেন মোস্তাফা জব্বার।
তিনি বলেন, আমি আজ গর্বিত। আজকে আমরা মাতৃভাষায় বাংলাদেশের সব মানুষের সঙ্গে যোগাযোগ করার সক্ষমতা অর্জন করলাম। এটা আমার জীবনে বড় অর্জন। সুবর্ণজয়ন্তীর ঠিক প্রক্কালের এই মাহেন্দ্রক্ষণে আমরা যে গৌরবজনক কাজ করলাম তা বঙ্গবন্ধু ও সকল ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধার।
অনুষ্ঠানে অচিরেই টেলিকম বিভাগের সকল দাপ্তরিক কাজ বাংলায় করা হবে জানিয়ে ডাক ও টেলিযোগাযোগ সচিব মোঃ খলিলুর রহমান বলেন, অল্পদিনের মধ্যেই টেলিযোগাযোগ বিভাগের সকল আইন বাংলায় রূপান্তরের কাজ শেষ হবে।
বাংলাভাষাকে গুরুত্ব দিলে অর্থনৈতিক ও মানব সম্পদ সমৃদ্ধ হবে উল্লেখ করে তিনি বলেন, এক্ষেত্রে অপারেটররা যা করলেন তা যুগান্তকারী ঘটনা। আমি আশা করি খুব শিগগিরি আমাদের ভাষাতেও এমন যন্ত্র থাকবে যার মাধ্যমে যেকোনো ভাষার কথা বাংলায় অনুদিত হয়ে আমরা শুনতে পারবো।
বিটিআরসি চেয়ারম্যান শ্যাম সুন্দর শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াসির আজমান, টেলিটক ব্যবস্থাপনা পরিচালক শাহব উদ্দিন, রবি’র ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী রিয়াজ রশীদ ও বাংলালিংক ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী তাইমুর রহমান।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিটিআরসি মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ নাসিম পারভেজ।