বুয়েট শিক্ষার্থী নিহতের ঘটনায় আটক তিন আসামি কারাগারে

২৬ ডিসেম্বর, ২০২৪ ০৬:৩৩  

দুই দিনের রিমান্ড শেষে বুয়েট শিক্ষার্থী মুহতাসিম মাসুদ (২২) নিহত হওয়ার ঘটনায় অভিযুক্ত তিন আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। নারায়ণগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজেস্ট্রেট নূর মোহসীনের আদালত শুনানি শেষে বুধবার (২৫ ডিসেম্বর) বিকেলে তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এরা হলেন-প্রাইভেটকার চালক মুবিন আল মামুন, মিরাজুল করিম ও আসিফ চৌধুরী।  

নারায়ণগঞ্জের আদালত পুলিশের পরিদর্শক মো. কাইউম খান জানিয়েছেন, তিন আসামির দুই দিন করে রিমান্ড শেষে হাজির করা হলে শুনানি শেষে আদালত তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন। আসামিরা রিমান্ডে জিজ্ঞাসাবাদে মামলার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। মামলার তদন্তকারী কর্মকর্তা আসামিদেরকে কারাগারে আটক রাখার জন্য আবেদন জানালে শুনানি শেষে আদালত তাদেরকে কারাগারে পাঠিয়েছেন। 

গত বৃহস্পতিবার রাতে নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচলে পুলিশের তল্লাশি চৌকিতে প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল নিয়ে দাড়িয়ে থাকা অবস্থায় ঘটনাস্থলেই মারা যান বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বুয়েটের শিক্ষার্থী মুহতাসিম মাসুদ। আহত হন তার সঙ্গে থাকা দুই সহপাঠী মেহেদী হাসান ও অমিত সাহা। এ ঘটনায় নিহত শিক্ষার্থীর পিতা মামলা করলে প্রাইভেটকার চালক মিরপুর ডিওএইচএস এলাকার মুবিন আল মামুন তার বন্ধু মমিরাজুল করিম ও আসিফ চৌধুরীকে গ্রেফতার করে পুলিশ। পরে ডোপ টেস্টে জানা যায় তারা ছিলেন মাদকাসক্ত।