ফেসবুকে ঝড়, সরিয়ে ফেলা হলো ভাষা শহীদ হিসেবে বীরশ্রেষ্ঠদের ছবির ব্যানার

২২ ফেব্রুয়ারি, ২০২০ ১৪:১৪  
সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুকে সমালোচনার ঝড় ওঠার পর বীরশ্রেষ্ঠদের ছবি ভাষা শহীদ হিসেবে ব্যবহার করে ব্যানার সরিয়ে নিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। রাজধানীর রমনা জোন এলাকায় ভুল ছবি ব্যবহার করে ২১ ফেব্রুয়ারি ব্যানারটি টানানো হয়েছিলো। ব্যানারটিতে দেখা যায়, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস -২০২০। এর নিচে স্বাধীনতা যুদ্ধে শহীদ ৭ বীরশ্রেষ্ঠের ছবি দেওয়া ছিল। ওই ছবির নিচে লেখা আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। এর নিচে ব্লক অক্ষরে লেখা ঢাকা মেট্রোপলিটন পুলিশ। ব্যানারের উপরে ডানকোণে মুজিববর্ষের লোগো এবং বাম পাশে উপরে ও নিচে ডিএমপির দুটি লোগো ছিল। এই ছবিটি ফেসবুকে শেয়ার করে অনেকেই নানা সমালোচনা করেন। এরপর বিষয়টি পুলিশের দৃষ্টিগোচর হয়। তবে এই ব্যানারটি পুলিশের নয় বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ। আর কিভাবে এই ব্যানারটি তৈরি করা বা টাঙানো হয়েছিল সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।