ডিজিটাল কারেন্সি প্রচলনে কেন্দ্রীয় ব্যাংকের প্রতি আহ্বান

২৫ মে, ২০২১ ১৪:৩৫  
চীনের মতো বাংলাদেশ সরকারও কেন্দ্রীয় ব্যাংকের মাধ্যমে কাগজের টাকার বিকল্প ‘ডিজিটাল মুদ্রা’ প্রচলনের পরামর্শ দিয়েছেন বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবির। একইসঙ্গে ক্রিপ্টেকারেন্সির মতো বিষয়ে বিদ্যমান অস্বচ্ছ ধারণা পরিস্কার করতে শিক্ষকদের এগিয়ে আসার পাশাপাশি বিষয়টি পাঠ্যসূচিতে অন্তর্ভূক্তির আহ্বানও জানান তিনি। মঙ্গলবার (২৫ মে) ব্লকচেইন ইকোনোমি সামিটের ডিজিটাল অর্থনীতির স্বচ্ছতা ও সুরক্ষা বিষয়ক প্যানেল আলোচনায় এই আহ্বান জানান এই প্রযুক্তি বোদ্ধা। যতদ্রুততার সঙ্গে সম্ভব দেশের অর্থনীতির ব্যবস্থাপনায় ব্লকচেইন প্রযুক্তি ব্যাবহারের তাগিদ দিয়ে এই ডিজিটাল রুপান্তরে স্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো যথেষ্ঠ পারদর্শীতা রয়েছে বলে জানিয়েছেন সৈয়দ আলমাস কবির। প্যানেল আলোচনায় অংশ নিয়ে দেশে ব্লকচেইন নীতিমালা হওয়ার পরও কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে ডিজিটাল কারেন্সি প্রচলনে এখনো কোনো উদ্যোগ না নেয়ায় বিস্ময় প্রকাশ করেন বেসিসের সাবেক সভাপতি ও ব্লকচেইন বিশেষজ্ঞ হাবিবুল্লাহ এন করিম। বিষয়টি সম্পর্কে দেশের তরুণরা অবগত হলেও এখনো এ বিষয়ে প্রবীনরা অন্ধকারে রয়েছেন বলে মন্তব্য করেন তিনি। আইসিটি বিভাগের এলআইসিটি পলিসি অ্যাডভাইজার সামি আহমেদের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে পিপল গ্রুপের পরিচালক আশিক জামান, ব্যারিস্টার মোরশেদ মান্নান, প্রাইম ব্যাকের হেড অব আইটি মাহবুবুল আলম রাফেল এবং কম্পিউটার কাউন্সিলের বিএনডিএ টিমের টেক স্পেশালিস্ট তানিমুল বারি বক্তব্য রাখেন।