২০২৬ সালে এয়ার ট্যাক্সি চালু করবে দুবাই
দুবাই শহরের যানজট এড়াতে ২০২৬ সালে জবি এয়ার ট্যাক্সি চালুর পরিকল্পনা করছে। সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতে ক্যালিফোর্নিয়াভিত্তিক জবি এভিয়েশনের সম্পূর্ণ বৈদ্যুতিক এয়ার ট্যাক্সির প্রথম পরীক্ষামূলক ফ্লাইট সফলভাবে সম্পন্ন হয়েছে। খবর রয়টার্স।
খবরে বলা হয়, ডিএক্সবি বিমানবন্দর থেকে পাম জুমেইরাহ পর্যন্ত মাত্র ১২ মিনিটে যাতায়াত সম্ভব হবে এই এয়ার ট্যাক্সির মাধ্যমে, যেখানে গাড়িতে সময় লাগে প্রায় ৪৫ মিনিট। জবির তৈরি ই-ভিটল মডেলটি একটানা ১৬০ কিমি পর্যন্ত উড়তে পারে এবং সর্বোচ্চ গতি ঘণ্টায় ৩২০ কিমি।
জবির সঙ্গে করা চুক্তির মাধ্যমে দুবাই আগামী ছয় বছর এয়ার ট্যাক্সি পরিষেবায় একচেটিয়া অধিকার দিয়েছে। পরিবেশবান্ধব এবং নীরব এই উড়ন্ত ট্যাক্সি শহরের আবাসিক এলাকায়ও সহজে চলাচল করতে পারবে।
তবে প্রাথমিকভাবে এই পরিষেবা উচ্চ আয়ের যাত্রীদের জন্যই বেশি সুবিধাজনক হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন ও অবকাঠামো নির্মাণের চ্যালেঞ্জ এখনও রয়েছে।
ডিবিটেক/বিএমটি







