এআই ডেটা সেন্টারের জন্য কয়লা ব্যবহারের নির্দেশ ট্রাম্পের

এআই ডেটা সেন্টারের জন্য কয়লা ব্যবহারের নির্দেশ ট্রাম্পের
১০ এপ্রিল, ২০২৫ ১৩:০৬  
১০ এপ্রিল, ২০২৫ ১৩:০৬  

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক নির্বাহী আদেশে এআই ডেটা সেন্টারগুলোর শক্তি চাহিদা মেটাতে “সুন্দর ও পরিচ্ছন্ন কয়লা” ব্যবহারের নির্দেশ দিয়েছেন। আদেশে কয়লাকে “গুরুত্বপূর্ণ খনিজ” ঘোষণা করে কয়লা খননের জন্য সরকারি জমি উন্মুক্ত করার কথাও বলা হয়েছে। খবর দ্য ভার্জ।

বাণিজ্য, জ্বালানি ও অভ্যন্তরীণ বিষয়ক বিভাগকে কয়লা-ভিত্তিক অবকাঠামো বিশ্লেষণ করে এআই ডেটা সেন্টারের জন্য উপযুক্ত স্থান নির্ধারণে গবেষণার নির্দেশ দেওয়া হয়েছে।

ট্রাম্প বলেন, “এআই প্রযুক্তির জন্য দ্বিগুণ বিদ্যুৎ প্রয়োজন হবে, আর এ জন্য আমাদের আরও শক্তি চাই।” তবে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, কয়লার ব্যবহার বাড়ানো জলবায়ু ও প্রযুক্তি খাতে নৈতিক প্রশ্ন তুলতে পারে।

বর্তমানে যুক্তরাষ্ট্রে কয়লার অবদান ১৫ শতাংশের নিচে, যা ২০১১ সালে ছিল প্রায় অর্ধেক। তবুও ট্রাম্প প্রশাসন কয়লা খাতে পুনঃবিনিয়োগের পথে হাঁটছে এআই খাতকে এগিয়ে নিতে।

 ডিবিটেক/বিএমটি