মানসিক সমস্যায় ভোগা শিক্ষার্থীদের ৮৬ ভাগেরই ‘কারণ’ ইন্টারনেট: সমীক্ষা
ইন্টারনেটের অপরিমিত ব্যবহার করছেন ৬২ শতাংশ শিক্ষার্থী # পর্নোগ্রাফি দেখেন ৩৩ শতাংশ শিক্ষার্থী
পড়াশোনার সময় ইন্টারনেটে ৮০ শতাংশ শিক্ষার্থীর আসক্তি তৈরি হয়, পর্নোগ্রাফি দেখেন ৩৩ শতাংশ। এর মাঝে ৮৫.৯ শতাংশ শিক্ষার্থী জানিয়েছেন, তাদের মানসিক সমস্যার পেছনে ইন্টারনেটের ভূমিকা রয়েছে।
শনিবার শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের ওপর ইন্টারনেট ব্যবহারের প্রভাব: কতটুকু সতর্ক হওয়া জরুরি?’ —শীর্ষক সমীক্ষার ফল প্রকাশ করে এই তথ্য দিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন আঁচল ফাউন্ডেশন।
ভার্চুয়াল সংবাদ মাধ্যমে সমীক্ষা প্রতিবেদন প্রকাশ নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের অধ্যাপক কামাল উদ্দিন আহমেদ চৌধুরী, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের প্রোগ্রামার বিপ্লব চন্দ্র সরকার, টাঙ্গাইলের ডেপুটি সিভিল সার্জন ড. মারুফ আহমেদ খান এবং আঁচল ফাউন্ডেশনের প্রেসিডেন্ট তানসেন রোজ। মে মাসে পরিচালিত প্রাপ্ত জরিপের ফলাফল উপস্থাপন করেন গবেষক ফারজানা আক্তার লাবনী।
জরিপে মোট ১ হাজার ৭৭৩ জন শিক্ষার্থী অংশ নয়। তাদের মধ্যে ৪৯.৫ শতাংশ নারী, ৪৯.৭ শতাংশ পুরুষ এবং ০.৮ শতাংশ তৃতীয় লিঙ্গের সদস্যগ। এরমধ্যে ১৬ থেকে ১৯ বছরের শিক্ষার্থী ১৩.২ শতাংশ, ২০ থেকে ২৫ বছরের শিক্ষার্থী ৭৬.৩ শতাংশ এবং ২৬ থেকে ৩০ বছরের শিক্ষার্থী রয়েছেন ১০.৫ শতাংশ।
জরিপে অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে ১৮.৬ শতাংশ কলেজ পড়ুয়া, ৬৪.৩ শতাংশ স্নাতক পর্যায়ের, ৮.৪ শতাংশ স্নাতকোত্তর পর্যায়ের এবং ৮.৭ শতাংশ চাকরি প্রত্যাশী।
এদের মধ্যে ইন্টারনেটের অপরিমিত ব্যবহার করছেন ৬২ দশমিক ৩ শতাংশ শিক্ষার্থী। সমীক্ষায় বলা হয়, দিনে ১১ ঘণ্টার ওপরে অনলাইনে থাকেন ৬ দশমিক ২ শতাংশ শিক্ষার্থী। ১৯ দশমিক ৫ শতাংশ শিক্ষার্থী ৮ থেকে ১০ ঘণ্টার মত ইন্টারনেট ব্যবহার করেন। ৫ থেকে ৭ ঘণ্টা ইন্টারনেটে থাকেন ৩৬ দশমিক ৬ শতাংশ শিক্ষার্থী এবং ৩২ দশমিক ৩ শতাংশ ব্যবহার করেন ২ থেকে ৪ ঘণ্টার মত।
জরিপে অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে ৩৪.৩ শতাংশ জানান, ইন্টারনেটে সময় ব্যয় তাদের স্বাভাবিক জীবনে ‘প্রচণ্ড নেতিবাচক’ প্রভাব ফেলছে। এছাড়াও ৯১ শতাংশ শিক্ষার্থী জানিয়েছেন তারা ইন্টারনেট ব্যবহারের প্রতি আসক্তি অনুভব করেন। এর মধ্যে ‘খুব বেশি আসক্ত’ ২২.৪ শতাংশ, ‘মোটামুটি আসক্ত’ ৪৭.৭ শতাংশ এবং ‘অল্প আসক্ত’ ২০.৯ শতাংশ। লেখাপড়ায় এই আসক্তি কতটুকু প্রভাব ফেলে তা নিয়ে ৮০.১ শতাংশ শিক্ষার্থী জানান, লেখাপড়ার সময় প্রচণ্ড আসক্তি তৈরি হয়। ইন্টারনেট ব্যবহারের প্রতি অতিরিক্ত আসক্তি তাদেরকে লেখাপড়ার মনোযোগ থেকে দূরে সরিয়ে দিচ্ছে।
সমীক্ষার ফলাফলে দেখা যায়, ২৬ দশমিক ৫ শতাংশ শিক্ষার্থীর আত্মবিশ্বাস সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইক, কমেন্টস, শেয়ার কিংবা ফলোয়ার সংখ্যা বাড়া বা কমার ওপর প্রভাব বিস্তার করেছে। তবে ৩৫ দশমিক ৭ শতাংশ শিক্ষার্থী জানান, তাদের আত্মবিশ্বাসের ওপর এমন প্রভাব মাঝে মধ্যে পড়ে।
এ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের অধ্যাপক কামাল উদ্দিন আহমেদ চৌধুরী বলেন, মানসিক সমস্যা দীর্ঘদিন চলতে থাকলে মানসিক অসুস্থতা তৈরি হয়। শিক্ষার্থীদের বড় অংশ প্রোডাক্টিভ কাজে ইন্টারনেট ব্যবহার করেন না। খেলার মাঠ কমে যাচ্ছে। বিকল্প হিসেবে তাঁদের কাছে ইন্টারনেট চলে যাচ্ছে। এ ছাড়া সাংস্কৃতিক চর্চাও আগের চেয়ে কমে গেছে।
সামগ্রিক বিষয়ে আঁচল ফাউন্ডেশনের প্রেসিডেন্ট তানসেন রোজ বলেন, আমাদের দেশে বিনোদনের ক্ষেত্রগুলো প্রায়ই সংকীর্ণ হয়ে গিয়েছে। ইন্টারনেটে আমাদের মনোযোগ ঘোরানোর অসংখ্য উপাদান রয়েছে। তাই শিক্ষার্থীদের মাঝে ডিজিটাল লিটারেসি না থাকায় তারা ফাঁদে পড়ে ক্ষতিগ্রস্ত হয়ে যায়।
এ ছাড়া সমীক্ষায় ইন্টারনেটের প্রভাবে পারিবারিক, ব্যক্তিগত ও সামাজিক জীবনে নেতিবাচক প্রভাব পড়া, ঘুম ও শারীরিক সমস্যা, আচরণগত পরিবর্তনের কথাও উঠে এসেছে। একই সঙ্গে সংগঠনটির পক্ষ থেকে এসব সমস্যা কাটিয়ে উঠতে ডিজিটাল লিটারিসি প্রোগ্রাম চালু, খেলাধুলা ও ব্যায়ামাগারের সহজলভ্যতা নিশ্চিত করাসহ ১০ দফা সুপারিশ করা হয়।







