ফেসবুক স্ট্যাটাস দিয়ে ম্যাটস শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু

২৮ আগষ্ট, ২০২২ ১০:৪৩  
শনিবার রাতে ফেসবুকে ‘জীবনডাই আফসোস’ স্ট্যাটাস দিয়েছিলেন ব্রাহ্মণবাড়িয়ার মেডিকেল প্রযুক্তির শিক্ষার্থী ক্লান্ত রঞ্জন শীল (২২)। রবিবার (২৮ আগস্ট) সকালে ১০টার পর পরিবারের সদস্যরা রুমে গিয়ে অনেক ডাকাডাকি করলেও তার কোনো সাড়াশব্দ পাননি। পরে তাকে অচেতন অবস্থায় জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ক্লান্ত রঞ্জন শীল জেলা সদর হাসপাতালে ডিপ্লোমা ইন মেডিকেল অ্যাসিসটেন্ট (ম্যাটস) এর ইন্টার্নির ছাত্র ছিলেন। তিনি জেলার আখাউড়া উপজেলার মুগড়া ইউনিয়নের গোপালপুর গ্রামে নিহার রঞ্জন শীলের ছেলে৷ পরিবারের সদস্যরা জানান, ক্লান্ত সদর উপজেলার সুলতানপুরে তার মামার বাড়িতে থেকে ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ইন্টার্নি করছিলেন। গত কয়েকদিন যাবত তিনি হতাশায় ভুগছিলেন। শনিবার হাসপাতালে ডিউটির পর সকালে বাসায় যান। ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) সোহরাব আল হোসাইন জানান, কেউ বিষয়টি আমাদের জানায়নি। হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য মরদেহ রাখা আছে। ঘটনাস্থলে ও হাসপাতালে পুলিশ পাঠানো হচ্ছে।