ফেসবুক নিলামে ৪২ লাখ টাকায় কিনে মাশরাফিকেই ব্রেসলেট উপহার!

১৮ মে, ২০২০ ০৪:৫১  
করোনাভাইরাস দুর্যোগে আক্রান্তদের সহায়তার জন্য অনলাইনে বহু গৌরবের সাক্ষী হাতের ব্রেসলেটটি নিলামে তুলেছিলেন মাশরাফি বিন মর্তুজা। অকশান ফর অ্যাকশন ফেসবুক পেজে রোববার রাত ১২টার পর শেষ হয় নিলাম। ধারাবাহিক নিলামের নবম পর্বের নিলাম শুরু হয় রাত ৯টায়। ৫ লাখ টাকা থেকে শুরু হয় সেই নিলাম। এরপর থেকে ২ লাখ, ৫ লাখ করে বাড়তে থাকে। শেষ পর্যন্ত নিলামে এটি কিনে নেয় বাংলাদেশ লিজিং অ্যান্ড ফাইন্যান্স কোম্পানি অ্যাসোসিয়েশন (বিএলএফসিএ)। তারা বাড়িয়ে দেয় আরও ৫ ভাগ। তাতে চূড়ান্ত মূল্য দাঁড়ায় ৪২ লাখ টাকা। এখন পর্যন্ত দেশের ক্রিকেটারদের ব্যাট-গ্লাভস বা জার্সি নিলামে বিক্রি হয়ে যে অর্থ যোগাড় হয়েছে সেই তালিকায় সব রেকর্ড ছাড়িয়ে যায় মাশরাফির হাতের ব্রেসলেট। মাশরাফি গত ১৮ বছর ধরে রূপার তৈরি এই ব্রেসলেট পরে ক্রিকেট খেলছেন। নিলাম প্রক্রিয়া সম্পন্ন হওয়ার সঙ্গে সঙ্গে মাশরাফি তার হাত থেকে ব্রেসলেট খুলে ফেলেন। এরপরই সঞ্চালক আরিফ আর হোসাইন বলেন, ‘মোমিন ভাই, আপনাদের প্ল্যান কি? এই ব্রেসলেটটি কি বাধাই করে রাখবেন, না কি করবেন?’ কিন্তু সবাইকে অবাক করে দিয়ে খানিকবাদেই বিএলএফসি’র চেয়ারম্যান মমিন উল ইসলাম জানিয়ে দেন-এই ব্রেসলেট তারা কিনেছেন ঠিকই কিন্তু উপহার হিসেবে এটা আবার মাশরাফিকেই ফিরিয়ে দিচ্ছেন। এরপরই ব্রেসলেটটা আবার মাশরাফি তার নিজের হাতে পরে নেন।