তিনদিন বন্ধ থাকবে মেট্রোরেল, উঠে যাবে সাপ্তাহিক ছুটি

১০ অক্টোবর, ২০২৩ ১৭:২৯  

আগামী ১৪ ও ১৫ অক্টোবর (শনি ও রোববার) মেট্রোরেলের বাণিজ্যিক চলাচল বন্ধ থাকবে। এরমধ্যে শুক্রবার ছুটির দিন বন্ধ থাকে মেট্রোরেল। ফলে টানা তিনদিন মেট্রোরেলে চলাচল করতে পারবেন না যাত্রীরা।

মঙ্গলবার (১০ অক্টোবর) রাজধানীর ইস্কাটনে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম এন ছিদ্দিক সাংবাদিকদের একথা জানান।

তিনি জানান, সিস্টেম ইন্টিগ্রেশনের জন্য শনি ও রোববার উত্তরা উত্তর থেকে আগারগাঁও অংশের মেট্রোরেলের বাণিজ্যিক চলাচল বন্ধ থাকবে। এরপর ১৬ অক্টোবর সোমবার থেকে আগের সময়সূচি অনুযায়ী নিয়মিত চলাচল করবে মেট্রোরেল। আর পুরোপুরি সেবা চালুর পর উঠে যাবে সাপ্তাহিক ছুটি।

এদিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিন দিন সেবা বন্ধ রাখায় সাময়িক অসুবিধার জন্য যাত্রীদের কাছে দুঃখ প্রকাশ করেছে ঢাকায় মেট্রোরেল নির্মাণ ও পরিচালনার দায়িত্বে থাকা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।