দেড় লক্ষাধিক ইভি ডেলিভারি করেছে শাওমি

দেড় লক্ষাধিক ইভি ডেলিভারি করেছে শাওমি
২৮ জানুয়ারি, ২০২৫ ১৩:৪১  

চীনা প্রযুক্তি জায়ান্ট শাওমি ইলেকট্রিক গাড়ির বাজারে দ্রুত উন্নতি করছে। গত বছর কোম্পানির প্রথম ইলেকট্রিক গাড়ি এসইউ৭ সেডান দেড় লাখের অধিক গ্রাহকের কাছে পৌঁছেছে। এটি শাওমির জন্য একটি বিশাল অর্জন, যা অটোমোবাইল শিল্পে তাদের দ্রুত বৃদ্ধিকে তুলে ধরেছে। খবর এরিনাইভি।

২০২৪ সালের মার্চে এসইউ৭ উন্মোচিত হওয়ার পর থেকেই এটি গ্রাহকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। গত ডিসেম্বরে ২৫,০০০-এরও বেশি এসইউ৭ ডেলিভারি করে শাওমি।

চলতি বছরে দ্বিগুন অর্থাৎ তিন লাখ গাড়ি ডেলিভারির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে শাওমি। এসইউ৭ স্ট্যান্ডার্ড, প্রো এবং ম্যাক্স সংস্করণে পাওয়া যাচ্ছে, যার দাম শুরু হয়েছে যথাক্রমে ২,১৫,৯০০ আরএমবি, ২,৪৫,৯০০ আরএমবি ও ২,৯৯,৯০০ আরএমবিতে।

শাওমির প্রতিষ্ঠাতা লেই জুন এসইউ৭-এর স্বতন্ত্র পার্কিং সক্ষমতা দেখিয়েছেন এবং কোম্পানির ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি বিশেষ সংস্করণের ঘোষণা দেন, যা মার্চ থেকে ডেলিভারি শুরু হবে। এছাড়াও, ২০২৫ সালের মার্চে এসইউ৭ আল্ট্রা এবং জুন-জুলাই মাসে ওয়াইইউ৭ নামে একটি এসইউভি মডেল উন্মোচনের পরিকল্পনা করেছে শাওমি।