ইমো হ্যাকিংয়ের মতো সাইবার অপরাধ দমনে

২৪ ঘণ্টার মধ্যে হটলাইন চালুর নির্দেশ সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর

২৪ ঘণ্টার মধ্যে হটলাইন চালুর নির্দেশ সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর
২৩ মার্চ, ২০২৬ ১৪:১৭  

নিজ নির্বাচনী এলাকা নাটোরের লালপুরে সাইবার অপরাধ দমনে এবং মাদক, ধর্ষণ, অবৈধ বালু উত্তোলনের মতো বিষয়ে সাধারণ মানুষের অভিযোগ দ্রুত প্রশাসনের কাছে পৌঁছে দিতে আগামী ২৪ ঘণ্টার মধ্যে একটি বিশেষ হটলাইন চালুর নির্দেশ দিয়েছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ও নাটোর-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার ফারজানা শারমীন পুতুল। 

২৩ মার্চ, সোমবার সকালে লালপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে ঈদ পূণর্মিলনী ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ নির্দেশনা দেন। সভায় লালপুরে ইমো হ্যাকিংসহ বিভিন্ন সাইবার অপরাধের প্রাদুর্ভাব দমনে কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন প্রতিমন্ত্রী ফারজানা শারমীন পুতুল।

বৈঠক শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে জানানো হয় সভায় প্রতিমন্ত্রী আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনকে আরও কঠোর হওয়ার আহ্বান জানান। সেইসাথে অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন । একইসঙ্গে পদ্মা নদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে প্রতিমন্ত্রী সংশ্লিষ্টদের নিয়মিত অভিযান পরিচালনার নির্দেশ দেন। এছাড়া সভায় ফিলিং স্টেশনগুলোতে জ্বালানি তেলের কৃত্রিম সংকটের অভিযোগের বিষয়ে নিয়মিত মনিটরিং জোরদার এবং দ্রুত সরবরাহ স্বাভাবিক রাখার নির্দেশনা দেওয়া হয়।

সাধারণ মানুষ যাতে তাদের অভিযোগ ও সমস্যার কথা সরাসরি জানাতে পারেন, সে লক্ষ্যে ২৪ মার্চের মধ্যেই হটলাইন সেবা চালু করার সময়সীমা বেধে দেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ও নাটোর-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার ফারজানা শারমীন পুতুল।

লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জুলহাস হোসেন সৌরভ প্রতিমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী দ্রুততম সময়ে এসব সিদ্ধান্ত বাস্তবায়নের আশ্বাস দেন। 

এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ডিবিটেক/ডিপিও/এমইউএম