রুয়েটে সাইবার নিরাপত্তা সচেতনতা সেমিনার করলো সিক্যাফ
আন্তর্জাতিক ভাবে পালিত সাইবার নিরাপত্তা সচেতনতা মাস অক্টোবরের শেষ দিনে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) দিবসটি নিয়ে বিশেষ সেমিনার করেছে সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস ফাউন্ডেশন। ‘সচেতন রই, সাইবার স্মার্ট হই’ প্রতিপাদ্যে বৃহস্পতিবার বিকেলে রুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় সেমিনারটি।
রুয়েটের ছাত্র কল্যাণ পরিচালক ও যন্ত্রকৌশল বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোঃ রবিউল ইসলাম সরকারের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুয়েটের নবনিযুক্ত উপাচার্য এবং ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক। বিশিষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেকাট্রনিক্স বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান মোঃ ফিরোজ আলী।
এছাড়াও মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস ফাউন্ডেশন (সিসিএ ফাউন্ডেশন) এর রাজশাহী বিভাগীয় ট্রুথ অ্যাম্বাসেডর প্রকৌ. জুনায়েদ আহমেদ। সহ রিসোর্স পার্সন হিসেবে অনলাইনে সংযুক্ত ছিলেন সিসিএ ফাউন্ডেনের স্কিল ডেভেলপমেন্ট ও রিসার্চ সেলের সদস্য মোঃ আব্দুল মুনেম।
সেমিনারে সাইবার ক্রাইম কি, সাইবার অপরাধের ধরণ, গত এক বছরে বাংলাদেশে সংঘঠিত বিভিন্ন ধরণের সাইবার ক্রাইমের পরিসংখ্যান, সাইবার ক্রাইম থেকে নিরাপদ থাকতে করণীয়, অভিযোগ দাখিলের পদ্ধতি এবং ভুক্তভোগীদের করণীয় বিষয়ে আলোকপাত করা হয়। এছাড়া প্রতিবছর অক্টোবর মাসব্যাপি পালিত সাইবার নিরাপত্তা সচেতনতা মাসের কর্মকান্ড বিষয়ে অবহিত করা হয়।







