বিটকয়েনের দাম ১১ দিনের মধ্যে সর্বনিম্ন

বিটকয়েনের দাম ১১ দিনের মধ্যে সর্বনিম্ন
২৮ জানুয়ারি, ২০২৫ ১৩:৩৩  

জনপ্রিয় ক্রিপ্টোকারেন্সি বিটকয়েনের দাম ১১ দিনের মধ্যে সর্বনিম্নে নেমে এসেছে। গত সোমবার বিটকয়েনের দাম ৯৮,৮৫২ ডলারে পৌঁছায়, যা আগের দিনের তুলনায় প্রায় ৬% কম। খবর রয়টার্স।

বিশ্লেষকদের মতে, চীনের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) কোম্পানি ডিপসিকের জনপ্রিয়তা বৃদ্ধির কারণে পশ্চিমা এআই-সম্পর্কিত স্টক মার্কেটে সতর্কতা দেখা দিয়েছে, যা বিটকয়েনের দাম কমার পেছনে একটি কারণ।

গত সপ্তাহে বিটকয়েনের দাম ১ লাখ ডলার ছাড়িয়েছিল, যার পেছনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচন জয়ের প্রভাব ছিল। তবে ট্রাম্প প্রশাসনের ক্রিপ্টোকারেন্সি সংক্রান্ত ঘোষণায় কিছু বিনিয়োগকারী হতাশ হয়েছেন, যা বিটকয়েনের দাম কমার আরেকটি কারণ।

এদিকে, টেক স্টক মার্কেটেও ধস নেমেছে। চীনের ডিপসিকের অগ্রগতির কারণে পশ্চিমা কোম্পানিগুলোর এআই খাতে আধিপত্য হুমকির মুখে পড়তে পারে বলে বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। এছাড়াও, সুদের হার আরও দীর্ঘ সময় ধরে উচ্চ থাকার সম্ভাবনা রিস্কি অ্যাসেটগুলোর ওপর চাপ সৃষ্টি করেছে।

বিশ্লেষকরা মনে করছেন, বর্তমান বাজার পরিস্থিতি অস্থির এবং আগামী দিনগুলোতে বিটকয়েনসহ অন্যান্য ক্রিপ্টোকারেন্সির দামে ওঠানামা অব্যাহত থাকতে পারে।