চট্টগ্রামে হবে পরিবেশবান্ধব অনন্য ডেটা সেন্টার
চট্টগ্রাম জেলার অদূরে বিটিসিএল এর পতিত ১৫০ একর জায়গায় তৈরি হবে পরিবেশবান্ধব প্রযুক্তির একটি অনন্য ডেটা সেন্টার। ডেটা সেন্টারটি পাবলিক ও প্রাইভেট সেক্টরের প্রতিষ্ঠানগুলোকে বাণিজ্যিক কালেকেশন সেবা প্রদান করবে এবং বিটিসিএলের অভ্যন্তরীণ ডেটা স্টোরেজ চাহিদা পূরণ করবে। পাবলিক প্রাইভেট পার্টনারশিপে (পিপিপি) আন্তর্জাতিক মানে ডিজাইন করা এই সেন্টারটি ভবিষ্যতের চাহিদা পূরণে সর্বোচ্চ কার্যক্ষমতা এবং সম্প্রসারণ যোগ্যতা নিশ্চিত করবে বলে মনে করছে ডেটা সেন্টার স্থাপনে সহযোগী প্রতিষ্ঠান এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি)।
এ লক্ষ্যে সোমবার (২৭ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ের পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) এর কনফারেন্স রুমে একটি বহুপক্ষীয় সমঝোতা স্মারক সই হয়।
এসময় উপস্থিত ছিলেন, পিপিপি বিভাগের পরিচালক (অর্থ ও প্রশাসন) এ কে এম আবুল কালাম আজাদ, বিটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক মো. আনোয়ার হোসেন, পোস্ট ও টেলিযোগাযোগ বিভাগের অতিরিক্ত সচিব আবুল খায়ের মোহাম্মদ সালেহ উদ্দিন এবং এডিবি বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর হোয়ে ইউন জিওং।
এছাড়া, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পোস্ট ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মো. মুশফিকুর রহমান, পিপিপি প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম এবং দক্ষিণ এশিয়ার জন্য এডিবির পরিচালক টাকিও কোনিশি।
অনুষ্ঠানে জানানো হয়, এডিবির সহায়তা প্রক্রিয়ার মধ্যে থাকবে লেনদেন উপদেষ্টা সেবা, যার মধ্যে রয়েছে সম্ভাব্যতা মূল্যায়ন, প্রকল্প কাঠামো নির্ধারণ এবং আইটি সেক্টরে বেসরকারি বিনিয়োগের সুযোগ সৃষ্টি। এই প্রকল্পটি বাংলাদেশের ডিজিটাল রূপান্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং ডিজিটাল অবকাঠামো উন্নয়নে বেসরকারি খাতের অংশগ্রহণ বাড়াবে।







