চট্টগ্রামকে আঞ্চলিক লজিস্টিক হাবে রূপান্তরে চুয়েটের ভূমিকার আহ্বান; ৬টি বাস উদ্বোধন

চুয়েট দিবসে অর্থমন্ত্রীর গবেষণা ও উদ্ভাবনে জোর

  • বৈশ্বিক পরিবর্তনের সঙ্গে তাল মেলাতে গবেষণা ও উদ্ভাবনে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার তাগিদ অর্থমন্ত্রীর
  • চট্টগ্রামকে লজিস্টিক হাব হিসেবে গড়ে তুলতে চুয়েটের প্রকৌশল সক্ষমতা কাজে লাগানোর আহ্বান
  • জসিম উদ্দিন ফাউন্ডেশনের ৬টি বাস, ওয়াসার সংযোগ লাইন ও ২৪তম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপিত

চুয়েট দিবসে অর্থমন্ত্রীর গবেষণা ও উদ্ভাবনে জোর
১ সেপ্টেম্বর, ২০২৬ ১৬:২৪  

দ্রুত পরিবর্তনশীল বৈশ্বিক প্রযুক্তির সঙ্গে তাল মেলাতে বিশ্ববিদ্যালয় পর্যায়ে গবেষণা ও উদ্ভাবনী শক্তির সর্বোচ্চ বিকাশের ওপর জোর দিয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ এবং পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ১ সেপ্টেম্বর, ২০২৬ মঙ্গলবার চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) কেন্দ্রীয় অডিটোরিয়ামে আয়োজিত প্রতিষ্ঠানটির ২৪তম ‘বিশ্ববিদ্যালয় দিবস’-এর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী বলেন, "সারাবিশ্বে প্রযুক্তির দ্রুত রূপান্তর ঘটছে। এই বৈশ্বিক পরিবর্তনের সঙ্গে আমাদের খাপ খাইয়ে নিতে হবে; অন্যথায় আমরা পিছিয়ে পড়ব। আমাদের শিক্ষার্থীদের অপার মেধা রয়েছে এবং দেশে আন্তর্জাতিক মানের গবেষকও আছেন। বর্তমান সরকার উদ্ভাবন ও মৌলিক গবেষণার ওপর সর্বাধিক গুরুত্ব দিয়েছে। প্রধানমন্ত্রীর বিশেষ আগ্রহ রয়েছে উদ্ভাবনী কর্মকাণ্ডে। তাই তরুণ প্রজন্মের মধ্য থেকে উদ্ভাবনী শক্তি খুঁজে বের করতে হবে।" তিনি আরও যোগ করেন, সরকার চট্টগ্রামকে দেশের মূল লজিস্টিক হাবে রূপান্তরের যে মহাপরিকল্পনা নিয়েছে, সেখানে প্রকৌশল উৎকর্ষতার মাধ্যমে চুয়েট অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে ভূমিকা পালন করতে পারে।

অনুষ্ঠানে বিশেষ সম্মানিত অতিথি (গেস্ট অব অনার) হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম-৬ (রাউজান) আসনের সংসদ সদস্য গিয়াসউদ্দিন কাদের চৌধুরী এবং মালয়েশিয়ার ইউনিভার্সিটি টেকনোলজি পেট্রোনাস (UTP)-এর পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান আইআর. ড. মোহাম্মদ আজুয়ান বিন মাওনসার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম। সভাপতির বক্তব্যে উপাচার্য জানান, সরকারি সহায়তা ও আন্তর্জাতিক অংশীদারিত্বের মাধ্যমে চুয়েটকে এশীয় ও বৈশ্বিক র‍্যাংকিংয়ের শীর্ষমানে উন্নীত করতে শিক্ষা ও গবেষণার মান আধুনিকায়ন করা হচ্ছে।

সভায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য সরওয়ার আলমগীর এবং বিভিন্ন অনুষদের ডিন অধ্যাপক ড. কাজী দেলোয়ার হোসেন, অধ্যাপক ড. সুদীপ কুমার পাল, অধ্যাপক ড. মোহাম্মদ আবু কাউছার, অধ্যাপক ড. মোহাম্মদ মিজানুর রহমান ও অধ্যাপক ড. মুহাম্মদ রাশিদুল হাসান। আমন্ত্রিত অতিথি ছিলেন সাবেক উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মোজাম্মেল হক এবং স্বাগত বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির।

দিবসটি উপলক্ষ্যে সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, পায়রা ও বেলুন উড়িয়ে বর্ণাঢ্য আনন্দ র‍্যালির উদ্বোধন করেন অর্থমন্ত্রী। এ সময় আলহাজ্ব জসিম উদ্দিন ফাউন্ডেশনের পক্ষ থেকে উপহার হিসেবে পাওয়া ৬টি বাসের চাবি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন চেয়ারম্যান মোহাম্মদ জসিম উদ্দিন। এছাড়া গোল চত্বরে চট্টগ্রাম ওয়াসা কর্তৃক পানি সংযোগ লাইনের ভিত্তিপ্রস্তর স্থাপন, স্মারক বৃক্ষরোপণ, শিক্ষার্থীদের তৈরি ‘টিম ব্লিটজার’ গো-কার্ট ও ক্লাব ফেস্ট পরিদর্শন করা হয়। দিবসটি ঘিরে রক্তদান কর্মসূচি, প্রীতি ফুটবল ম্যাচ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
//ডিবিটেক/ এআইএম/এসএমই//