আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা; ৫ ক্যাটাগরিতে ক্যাম্পাস সাংবাদিকদের সম্মাননা

যবিপ্রবি সাংবাদিক সমিতির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

  • বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও কেক কাটার মধ্য দিয়ে যবিপ্রবিসাসের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
  • বর্ষসেরা প্রতিবেদক, ফিচার লেখক ও উদীয়মান সংবাদকর্মীদের সম্মাননা ক্রেস্ট প্রদান
  • ক্যাম্পাসের উন্নয়ন, স্বচ্ছতা ও জবাবদিহিতায় বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ওপর উপাচার্যের গুরুত্বারোপ

যবিপ্রবি সাংবাদিক সমিতির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
১ সেপ্টেম্বর, ২০২৬ ১৮:৩২  

বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা, নবীন বরণ ও গুণী সাংবাদিকদের সম্মাননা প্রদানের মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (যবিপ্রবিসাস) অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। ১ সেপ্টেম্বর, ২০২৬ মঙ্গলবার দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।

সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে এক আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শেষে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবনের সামনে কেক কাটা এবং ডিজিটাল ক্লাসরুমে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যবিপ্রবিসাসের সভাপতি রুহুল আমিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইমরান হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও যবিপ্রবিসাসের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. ইয়ারুল কবীর।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, "গণতন্ত্র ও রাষ্ট্রের মতো একটি বিশ্ববিদ্যালয়ের স্বচ্ছতা ও জবাবদিহিতার ক্ষেত্রে সাংবাদিক সমিতি অন্যতম প্রধান স্তম্ভ হিসেবে কাজ করে। প্রশাসনের পক্ষে ক্যাম্পাসের প্রতিটি সূক্ষ্ম সংকট জানা সম্ভব নয়; তাই ইতিবাচক অর্জনের পাশাপাশি বিভিন্ন সীমাবদ্ধতা বস্তুনিষ্ঠভাবে তুলে ধরে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে সাংবাদিকদের গঠনমূলক ভূমিকা পালন করতে হবে।"

অনুষ্ঠানে সাংবাদিকতায় অবদানের জন্য আরটিভির আলফাজ হোসেন আরবি ও ঢাকা মেইলের মো. রকিবুল হাসান তারেককে 'বর্ষসেরা প্রতিবেদক', দৈনিক এদিনের সাব্বির রহমান রাব্বিল ও চ্যানেল আইয়ের মাহফুজুল ইসলামকে 'বর্ষসেরা ফিচার লেখক' এবং দ্য ডেইলি ক্যাম্পাসের মো. সাব্বির আহমেদকে 'বর্ষসেরা উদীয়মান প্রতিবেদক' সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়া সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক শেখ সাদী ভূঁইয়া ও সাবেক সদস্যদের বিশেষ সম্মাননা দেওয়া হয়।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ফারুক হাসান এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. রাফিউল হাসান। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, দপ্তর প্রধান এবং যবিপ্রবিসাসের সাবেক ও বর্তমান সদস্যরা উপস্থিত ছিলেন।
//ডিবিটেক/জাস্টএনএইচ এসএমই//