নেট দুনিয়ার ব্যঙ্গ নিয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর দুঃখপ্রকাশ

নেট দুনিয়ার ব্যঙ্গ নিয়ে  যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর দুঃখপ্রকাশ
২৩ মার্চ, ২০২৬ ১৩:৩৩  

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে জাইমা রহমানের ফুটবল-প্রেম এবং চেলসির বয়সভিত্তিক দলে সুযোগ পাওয়া নিয়ে সোশ্যাল মিডিয়ায় শুরু হওয়া ট্রল-কে বিভ্রান্তির অ্যাখ্যা দিয়ে এ জন্য নিজেই দুঃখ প্রকাশ করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। বিষয়টিকে ব্যঙ্গাত্মকভাবে উপস্থাপন বা অপব্যাখ্যা না করার বক্তব্যটি ব্যক্তিগত বলে উল্লেখ করেছেন সাবেক এই জাতীয় গোলরক্ষক।  

সামাজিক যোগাযোগমাধ্যমে তার এ-সংক্রান্ত একটি বক্তব্যকে কেন্দ্র করে তৈরি হওয়া আলোচনার প্রেক্ষিতে ২৩ মার্চ, সোমবার রাতে নিজের ফেসবুক পেজে পূর্বের বক্তব্যের ব্যাখ্যা তুলে ধরেন আমিনুল হক। 

নিজের দেওয়া ওই স্ট্যাটাসে তিনি জানান, তার মন্তব্যের মূল উদ্দেশ্য ছিল একজন মেধাবী শিক্ষার্থীর পড়াশোনার পাশাপাশি তার ক্রীড়া প্রতিভার বিষয়টি সাধারণ মানুষের সামনে তুলে ধরা।

সামাজিক যোগাযোগমাধ্যমে চলমান বিতর্কের বিষয়ে তিনি বলেন, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে জাইমা রহমানের ফুটবল অনুরাগ এবং চেলসির বয়স-ভিত্তিক দলে সুযোগ পাওয়া সংক্রান্ত আমার একটি আলোচনাকে কেন্দ্র করে যে ধরনের বক্তব্য ছড়ানো হচ্ছে, তা অত্যন্ত অনভিপ্রেত। 

বিষয়টিকে সম্পূর্ণ ব্যক্তিগত একটি পর্যবেক্ষণ উল্লেখ করে তিনি আরও বলেন, আমি অত্যন্ত বিনয়ের সঙ্গে স্পষ্ট করতে চাই যে, আমার বক্তব্যের মূল উদ্দেশ্য ছিল একজন মেধাবী শিক্ষার্থীর পড়াশোনার পাশাপাশি তার ক্রীড়া প্রতিভার বিষয়টি তুলে ধরা। এটি একটি ব্যক্তিগত পর্যবেক্ষণ ও আলোচনা ছিল, যাকে ভিন্ন খাতে প্রবাহিত করার কোনো অবকাশ নেই।

সামাজিক যোগাযোগমাধ্যমে তার বক্তব্যকে কেন্দ্র করে তৈরি হওয়া হাস্যরস ও সমালোচনার জবাবে সংশ্লিষ্ট সবাইকে এ ধরনের কাজ থেকে বিরত থাকার আহ্বান জানান সাবেক এ তারকা ফুটবলার। স্ট্যাটাসের শেষ অংশে তিনি আন্তরিকভাবে ক্ষমা চেয়ে লেখেন, আমি সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করছি, একটি ব্যক্তিগত বক্তব্যকে ব্যঙ্গাত্মকভাবে উপস্থাপন বা অপব্যাখ্যা না করার জন্য।

তথ্যগত বিভ্রান্তি বা আমার বক্তব্যে কেউ যদি কষ্ট পেয়ে থাকেন, তবে তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।

সম্প্রতি একটি আলোচনায় আমিনুল হক স্মৃতিচারণ করতে গিয়ে জানান, জাইমা রহমান লন্ডনে স্কুল পর্যায়ে থাকাকালীন দারুণ ফুটবল খেলতেন এবং গোলরক্ষক হিসেবে চেলসির বয়সভিত্তিক দল থেকে ডাক পেয়েছিলেন। তবে পরিবার তাকে পেশাদার ফুটবলের চেয়ে পড়াশোনায় বেশি মনোযোগ দেওয়ার পরামর্শ দেয়। এ বক্তব্যটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে অনেকেই বিষয়টিকে ব্যঙ্গাত্মকভাবে উপস্থাপন করেন, যার প্রেক্ষিতেই এ ব্যাখ্যামূলক স্ট্যাটাস দিলেন তিনি।

এর আগে একটি অনুষ্ঠানে প্রতিমন্ত্রী আমিনুল হকের দেওয়া বক্তব্যের একটি ক্লিপ ছড়িয়ে পরার পর জাইমা রহমানের ফুটবল ক্যারিয়ার নিয়ে নেট দুনিয়ায় নানা আলোচনা শুরু হয়।

ডিবিটেক/এফবিও/ইকে