হোয়াটসঅ্যাপ ভিডিও কলে আসছে স্ন্যাপচ্যাটের মতো ফিল্টার সুবিধা
গ্রাহক ধরে রাখতে প্রতিনিয়ত নতুন নতুন চমক দেওয়াই যেন লক্ষ্য হোয়াটসঅ্যাপের। মেটার মালিকানাধীন এই মেসেজিং অ্যাপটি ব্যবহারকারীদের অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করতে মাঝে মাঝেই আপডেট নিয়ে আসে। এবার জানা গেছে, ভিডিও কলিংকে আরও আকর্ষণীয় করার লক্ষ্যে কাজ করছে হোয়াটসঅ্যাপ। নিয়ে আসা হচ্ছে অগমেন্টেড রিয়েলিটি তথা এআই ফিল্টার। যার সাহায্যে স্ন্যাপচ্যাটের মতোই ফিল্টারের মজা নিতে পারবেন ব্যবহারকারীরা।
ডব্লিউএবেটাইনফো সূত্রে জানানো হয়েছে, এখনও পর্যন্ত বেটা ব্যবহারকারীদের একাংশ এই ফিল্টার ব্যবহারের সুযোগ পেয়েছেন। অর্থাৎ তারা ভিডিও কল চলাকালীন নিজেদের মুখে এআর ফিল্টার লাগাতে পারেন। নানা ধরনের এফেক্টসও বেছে নেওয়ার সুযোগ থাকছে। এতে ত্বক মসৃণ দেখানোর টুল এবং কম আলোয় উন্নত দৃশ্যমানতার জন্য লো লাইট মোডের মতো বৈশিষ্ট্য থাকবে।
কেবল নিজের মুখই নয়, ব্যাকগ্রাউন্ডও এডিট করা যাবে। ব্যাকগ্রাউন্ড এডিটিং টুলের মাধ্যমে ব্যবহারকারীরা তাদের ব্যাকগ্রাউন্ড কাস্টমাইজ করতে পারবেন। আবার ব্যাকগ্রাউন্ড ব্লার করার অপশনও রয়েছে।
ডিবিটেক/বিএমটি







