জেট্রো প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক দিয়ে জাপান সফরের দ্বিতীয় দিন শুরু করলেন পলক
প্রধানমন্ত্রীর জাপান সফরসঙ্গী হিসেবে সফরের দ্বিতীয় দিন বুধবার সকালেই নিজের হোটেল থেকে ‘গুড মর্নিং টোকিও’ লিখে একটি পোস্ট দিয়ছেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এই পোস্টে দিনের কার্যক্রমের একটি সংক্ষিপ্ত সূচিও প্রকাশ করেছেন তিনি।
সেই সূচি মতো সকালেই জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশন (জেট্রো) চেয়ারম্যান ও সিইও নরিহিকো ইশিগুরু’র সঙ্গে বৈঠক করেছেন পলক। টোকিও’র মিনাতো-কু’র আকাসাকা প্যালেসে অনুষ্ঠিত ওই বৈঠকে সবচেয়ে বেশি গুরুত্ব পায় ২০৪১ সালের স্মার্ট বাংলাদেশের যোগ্য নেতৃত্ব গঠনে নির্মিয়মান ‘স্মার্ট লিডারশিপ একাডেমি’কে কার্যকর করতে উভয় দেশের যৌথ অংশীদারিত্বের বিষয়। বৈঠক সূত্রে জানাগেছে, এই একাডেমি থেকেই সরকারি আমলা, সাংবাদিক, রাজনীতিবিদ ও চিকিৎসকরা সোসাইটি ৫.০ বিষয়ে জ্ঞান অর্জন ও গবেষণার সুযোগ নিয়ে হয়েছে বিস্তারিত আলোচনা।

এছাড়াও ফ্রন্টিয়ার টেকনোলজি হিসেবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, রোবোটিক্স, মাইক্রোচিপ ডিজাইনিং, ন্যানোটেক ডিজাইনিং এবং সাইবার সিকিউরিটির ক্ষেত্রে জাপান এবং বাংলাদেশের বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো কীভাবে একে অপরের ব্যবসা সম্প্রসারণে সহযোগিতা করতে পারে সে বিষয়েও আলোচনা হয় বৈঠকে। এসময় জাপানি কোম্পানিগুলোকে বাংলাদেশের হাইটেক পার্কে এবং সাইবার সিকিউরিটি খাতে বিনিয়োগ করার আহ্বান জানান আইসিটি প্রতিমন্ত্রী।
বৈঠক শেষে জেট্রো চেয়ারম্যানকে জেট্রো-আইসিটি বিভাগের যৌথ অংশীদারিত্বের একটি স্যুভেনিয়ার, জাপানি ভাষায় লিখিত বঙ্গবন্ধুর জীবনী এবং ডিজিটাল বাংলাদেশের অর্জন নিয়ে লিখিত দুইটি বই উপহার দেন জুনাইদ আহমেদ পলক।
এছাড়াও আজ প্রতিমন্ত্রী তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক ও অর্থনৈতিক সহযোগিতা নিয়ে জাপান-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ লিগ (জেবিপিএফএল) সভাপতি আসো তারো (Mr. ASO Taro) এবং জাপানের পররাষ্ট্রমন্ত্রী ইয়োশিমাসা হায়াশির সঙ্গে যৌথ সহযোগিতার ক্ষেত্র নিয়ে আলোচনা করবেন। আজই জাপানের প্রধানমন্ত্রীর অফিসের চতুর্থ তলার ‘লার্জ মিটিং রূমে’ অনুষ্ঠিত হবে বেশ কয়েকটি দ্বি-পাক্ষিক সহযোগিতা চুক্তি। এর মধ্যে আইসিটি ও সাইবার সিকিউরিটি চুক্তিতে সাক্ষর করবেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।







