সময় ও ব্যয় বাড়ছে উন্নয়ন প্রকল্পে

সময় ও ব্যয় বাড়ছে উন্নয়ন প্রকল্পে
২০ মে, ২০২৬ ২০:৪০  

দেশের উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সময় ও ব্যয় বৃদ্ধি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন বক্তারা। তারা বলেছেন, যথাযথ সম্ভাব্যতা যাচাই, বাস্তবভিত্তিক পরিকল্পনা ও কার্যকর প্রকল্প নিয়ন্ত্রণ ছাড়া উন্নয়ন কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং জাতীয় অর্থনীতির ওপর চাপ বাড়ছে।

২০ মে, বুধবার রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ সদর দপ্তরে ‘ইঞ্জিনিয়ারিং প্রকল্পে প্রকল্প নিয়ন্ত্রণের মৌলিক ধারণা’ শীর্ষক সেমিনারে এসব কথা বলা হয়।

প্রধান অতিথির বক্তব্যে ফরহাদ হোসেন আজাদ বলেন, পানি সম্পদ মন্ত্রণালয়ের বিভিন্ন প্রকল্পে প্রায়ই সময় ও ব্যয় বাড়ছে। অতীতে কিছু ক্ষেত্রে প্রকল্পের নামে অর্থ আত্মসাতের ঘটনাও ঘটেছে। পানি পুনর্ব্যবহার, কম পানি ব্যবহারকারী প্রযুক্তি এবং আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে এই অপচয় কমানো সম্ভব। টেকসই শিল্পায়নের জন্য পানি ব্যবস্থাপনায় দক্ষতা বৃদ্ধি এখন সময়ের দাবি।

তিনি বলেন, প্রকল্প গ্রহণের আগে যথাযথ সম্ভাব্যতা সমীক্ষা, বাস্তবসম্মত পরিকল্পনা ও কার্যকর নিয়ন্ত্রণ ব্যবস্থা নিশ্চিত করতে হবে। উন্নয়ন ব্যবস্থাপনায় শৃঙ্খলা ও জবাবদিহিতা প্রতিষ্ঠা জরুরি। 

আইইবির সভাপতি ও রাজউকের চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজুল ইসলাম বলেন, উন্নত দেশগুলো দীর্ঘ সময় পরিকল্পনা করলেও বাস্তবায়ন দ্রুত শেষ করে। কিন্তু বাংলাদেশে অনেক প্রকল্প বাস্তবায়নে ২০ থেকে ৩০ বছর পর্যন্ত সময় লেগে যায়, ফলে ব্যয় বহুগুণ বেড়ে যায়। বাংলাদেশের প্রকল্প বাস্তবায়ন প্রক্রিয়ার তুলনামূলক চিত্র তুলে ধরে তিনি বলেন, উন্নত দেশগুলো দীর্ঘ সময় ধরে পরিকল্পনা ও গবেষণা করলেও বাস্তবায়ন করে তুলনামূলক কম সময়ে। কিন্তু বাংলাদেশে অনেক ক্ষেত্রে এর উল্টো চিত্র দেখা যায়, যেখানে পরিকল্পনার তুলনায় বাস্তবায়নে ২০ থেকে ৩০ বছর পর্যন্ত সময় লেগে যায়, ফলে ব্যয় বহুগুণ বেড়ে যায়।

বাংলাদেশ ইউনিভার্সিটি অব টেক্সটাইল-এর উপাচার্য অধ্যাপক ড. প্রকৌশলী মো. জুলহাস উদ্দিন বলেন, প্রকল্পের শুরুতেই বাস্তবসম্মত বাজেট ও সময়সীমা নির্ধারণ না করলে বাস্তবায়নে জটিলতা তৈরি হয়। তিনি আরও বলেন, শিল্পখাতে পরিবেশ সুরক্ষায় অনেক ক্ষেত্রে অবহেলা করা হচ্ছে। বিশেষ করে ইটিপি (ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট) স্থাপন না থাকায় অপরিশোধিত বর্জ্য নদী ও জলাশয়ে গিয়ে পরিবেশ ও জীববৈচিত্র্যের মারাত্মক ক্ষতি করছে। টেকসই শিল্পায়নের জন্য পরিবেশ ব্যবস্থাপনা বাধ্যতামূলক করা প্রয়োজন।

আইইবির সম্মানী সাধারণ সম্পাদক অধ্যাপক ড. প্রকৌশলী মো. সাব্বির মোস্তফা খান স্বাগত বক্তব্যে বলেন, প্রকল্প গ্রহণের আগে প্রযুক্তিগত সক্ষমতা, আর্থিক বাস্তবতা, পরিবেশগত প্রভাব এবং বাস্তবায়নযোগ্যতা যথাযথভাবে মূল্যায়ন করা জরুরি। একই সঙ্গে বাস্তবায়নকালে নির্ধারিত সময় ও বাজেট কঠোরভাবে অনুসরণ করতে হবে।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন শেভরন বাংলাদেশের কর্মকর্তা প্রকৌশলী বিপ্লব কুমার ধর। তিনি বলেন, সময়, ব্যয়, গুণগত মান ও ঝুঁকি নিয়ন্ত্রণ ছাড়া কোনো প্রকল্প সফলভাবে সম্পন্ন করা সম্ভব নয়। 

সেমিনারে সভাপতিত্ব করেন আইইবির কেমিকৌশল বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. প্রকৌশলী সালমা আখতার। সঞ্চালনা করেন বিভাগের সম্পাদক প্রকৌশলী মো. শাওকাত ফেরদৌস এবং ধন্যবাদ জ্ঞাপন করেন বিভাগের ভাইস-চেয়ারম্যান প্রকৌশলী মো. ইদ্রিস আলী। অনুষ্ঠানে আইইবি সদর দপ্তর ও ঢাকা কেন্দ্রের নেতৃবৃন্দ, কেন্দ্রীয় কাউন্সিল সদস্য, বিভিন্ন প্রকৌশল বিভাগের প্রতিনিধি এবং বিভিন্ন সংস্থার প্রকৌশলীরা উপস্থিত ছিলেন।
ডিবিটেক/এফএ/ইকে